রবিবার, ১৪ জুন ২০২৬ | সময়: ভোর ১:১০

সচিবের সই ছাড়াই ফাইল অনুমোদন করেছিলেন সাবেক উপদেষ্টা আসিফ

👁️ ৪ Time View
Daraz horizontal banner

অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সচিবের সই ছাড়াই জোর করে ফাইল অনুমোদন করেছিলেন বলে অভিযোগ করেছেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বর্তমান সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব রয়েছেন।
শনিবার (২৩ মে) সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।
পিরোজপুরের অবকাঠামো উন্নয়ন ও দুর্নীতির বিষয়টি তদন্তি কমিটি করা হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‌‘একটা ফাইল আমার নোটিশে এসেছে। অন্তর্বর্তী সরকারের সময় একজন উপদেষ্টা (আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া) সচিবের সই ছাড়াই জোর করে ফাইল নিয়েছেন, নিজে সই করে অনুমোদন দিয়েছেন। এরাও এই তদন্তের মধ্যে আসবে যেটি একদম রুলস অব প্রসিডিউর, রুলস অব বিজনেসের পরিপন্থি। কারণ মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিবের সই ব্যতিরেকে কখনই মন্ত্রী একটি ফাইল অনুমোদন দিতে পারেন না। এটি কখনই আইনে রুলস অব প্রসিডিউরে এবং রুলস অব বিজনেসে নেই।’
প্রতিমন্ত্রী জানান, পিরোজপুর জেলায় বিগত ১৮ মাস ধরে বন্ধ থাকা উন্নয়ন কর্মকাণ্ড পুনরায় চালুর সিদ্ধান্ত নিয়েছে সরকার। 
তিনি বলেন, একই সঙ্গে গত ১৫-১৭ বছরে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে পিরোজপুরসহ বিভিন্ন এলাকায় সংঘটিত অনিয়ম ও দুর্নীতির তদন্তে ৬০ দিনের সময়সীমা বেঁধে দিয়ে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে। 
তদন্তে পিরোজপুরে এক ভয়াবহ দুর্নীতির চিত্র উঠে এসেছে। বিগত সরকারের সময় কোনো বাস্তব কাজ সম্পন্ন না করেই শুধু ভুয়া বিল তৈরি করে ট্রেজারি থেকে প্রায় ৬ হাজার কোটি টাকা তুলে নেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে টেন্ডার ও ওয়ার্ক অর্ডারের পরই বিল পরিশোধ করা হয়েছে, যার সঙ্গে তৎকালীন প্রভাবশালী সচিব ও কর্মকর্তারা জড়িত ছিলেন বলে অভিযোগ উঠেছে। অভিযুক্ত ঠিকাদারদের অধিকাংশই বর্তমানে দুবাইসহ বিভিন্ন দেশে পলাতক রয়েছেন বলেও জানিয়েছেন মীর শাহে আলম।
প্রতিমন্ত্রী বলেন, পিরোজপুরের অনেক প্রকল্প রাতের অন্ধকারে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে অনুমোদন করা হয়েছিল।
দুর্নীতির একটি বড় উদাহরণ হিসেবে ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত ব্রিজের কথা উল্লেখ করে তিনি জানান, যেখানে কোনো সংযোগ সড়ক বা অ্যাপ্রোচ রোড নেই। ফলে জনগণ মই দিয়ে ব্রিজে যাতায়াত করতে বাধ্য হচ্ছে। পিরোজপুর জেলাটি গত ১৮ মাস ধরে এক প্রকার বিচ্ছিন্ন ও উন্নয়ন বঞ্চিত অবস্থায় রয়েছে।
মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে গঠিত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের পর একটি বিশেষ প্রতিনিধি দল পিরোজপুর পরিদর্শন করবেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তাধীন প্রকল্পের বাইরে থাকা রাস্তা ও ব্রিজগুলোর সংস্কার কাজ সীমিত আকারে দ্রুত শুরু করার পরিকল্পনা করা হয়েছে। 
আগামী এক বছরের মধ্যে স্থানীয় সরকারের সব নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। শুষ্ক মৌসুম থেকেই এই নির্বাচনের প্রক্রিয়া শুরু হতে পারে বলেও জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী। 
ইজিবাইক বা ইলেকট্রিক যানবাহনের শৃঙ্খলার জন্য নতুন আইন করা হচ্ছে জানিয়ে তিনি বলেন, বুয়েট কর্তৃক নকশা অনুমোদন হলে সিটি করপোরেশন ও পৌরসভাগুলো এসব যানবাহনের রেজিস্ট্রেশন দিতে পারবে।
আরএমএম/এমএএইচ/

Daraz horizontal banner
Daraz square banner
technoviable
technoviable

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট