রবিবার, ১৪ জুন ২০২৬ | সময়: সকাল ৫:০২

ময়মনসিংহে দুই গ্রামের সংঘর্ষ, তছনছ বিয়ে বাড়ি

👁️ ৫ Time View
Daraz horizontal banner

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় একটি বিয়ে বাড়ির অনুষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে।
রোববার (৩১ মে) সকালে উপজেলার উচাখিলা ইউনিয়নের মরিচারচর ও চরআলগী গ্রামের বাসিন্দাদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
ভুক্তভোগীদের অভিযোগ, সংঘর্ষের সময় চরআলগী গ্রামের অন্তত ১৫ থেকে ২০টি বাড়িতে হামলা ও লুটপাট চালানো হয়। পরে এলাকার অর্ধশতাধিক খড়ের গাদায় আগুন ধরিয়ে দেওয়া হয়।
এদিকে হামলার সময় চরআলগী গ্রামের হতদরিদ্র নাজিম উদ্দিনের মেয়ে আসমা খাতুনের বিয়ের অনুষ্ঠান চলছিল।
অভিযোগ রয়েছে, হামলাকারীরা বিয়ে বাড়িতে ঢুকে রান্না করা খাবার নষ্ট করে, অতিথিদের বসার স্থান তছনছ করে এবং থালা-বাসন ভাঙচুর করে।
নাজিম উদ্দিনের ভাই আলাল উদ্দিন বলেন, বিনা কারণে এমন হামলার ঘটনায় আমার ভাই অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়েন। বর আসার আগেই এমন ঘটনা ঘটবে কেউ কল্পনাও করতে পারেনি। আমরা এর সুষ্ঠু বিচার চাই।
চরআলগী গ্রামের বাসিন্দা কেনান বলেন, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমাদের গ্রামের ওপর পরিকল্পিত হামলা চালানো হয়েছে। যারা এই কর্মকাণ্ডে জড়িত, তাদের বিচার দাবি করছি।
অন্যদিকে মরিচারচর গ্রামের কয়েকজন বাসিন্দা দাবি করেন, ঈদের দিন বিকেলে উচাখিলা ইউনিয়নের ব্রহ্মপুত্র নদের পাড়ের বটতলায় ঘুরতে গেলে তুহিন নামে এক তরুণের বোনকে লক্ষ্য করে চরআলগী গ্রামের কয়েকজন কিশোর অশালীন মন্তব্য ও অঙ্গভঙ্গি করে। এর প্রতিবাদ করলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
তারা আরও জানান, ঘটনার জেরে শনিবার বিকেলে মরিচারচর গ্রামের রাব্বি ও রবিন বাজারে গেলে তাদের ওপর আবারও হামলা চালানো হয়। এ সময় তারা প্রাণ বাঁচাতে স্থানীয় ব্যবসায়ী ইব্রাহিম খলিলের দোকানে আশ্রয় নেন।
উচাখিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম বলেন, ঈদের দিন বিকেলে বটতলায় ফুচকার অর্ডার দেওয়া নিয়ে বাকবিতণ্ডা থেকে ঘটনার সূত্রপাত। পরে এর জের ধরে রবিবার চরআলগী গ্রামের ৩০ থেকে ৪০টি বাড়িঘর এবং একটি বিয়ে বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।
ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো সেখানে পুলিশ অবস্থান করছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
হোসাইন সুলভ/এনএইচআর/এমএস

Daraz horizontal banner
technoviable
Daraz square banner
technoviable

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট