
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আরও একটি অনন্য কীর্তির সামনে দাঁড়িয়ে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ফুটবল মহাযজ্ঞের ইতিহাসে নিজেদের গৌরবোজ্জ্বল অধ্যায়ে যোগ হতে যাচ্ছে নতুন এক মাইলফলক। আর মাত্র একটি জয় পেলেই বিশ্বকাপে জয়ের ‘হাফ সেঞ্চুরি’ বা ৫০তম জয়ের রেকর্ড স্পর্শ করবে আলবিসেলেস্তেরা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানকে হারাতে পারলেই এই মাইলফলক ছুঁয়ে ফেলবে লিওনেল মেসির দল।
বিশ্বকাপের আঙিনায় আর্জেন্টিনা এ পর্যন্ত খেলেছে অনন্য সব ম্যাচ। মাঠের লড়াইয়ে নিজেদের ফুটবলশৈলী আর আবেগের মেলবন্ধনে তারা তুলে নিয়েছে ৪৯টি জয়। টাইব্রেকারে পাওয়া জয়গুলো ফিফার নিয়ম অনুযায়ী ড্র হিসেবে গণ্য হওয়ায়, নির্ধারিত ও অতিরিক্ত সময়ের জয়ের হিসাবেই এই সংখ্যা ধরা হয়েছে। ৪৯ জয় নিয়ে বিশ্বকাপের সফলতম দলগুলোর অন্যতম লাতিন আমেরিকার এই পরাশক্তি। এখন ৫০তম জয়ের মাইলফলক স্পর্শ করতে তাদের প্রয়োজন আর মাত্র একটি জয়। সমর্থকদের বিশ্বাস, জর্ডানের বিপক্ষেই সেই ইতিহাস গড়বে আর্জেন্টিনা।
ইতিহাস ঘাঁটলে দেখা যায়, ১৯৩০ সালের প্রথম বিশ্বকাপে ফ্রান্সকে ১-০ গোলে হারিয়ে বিশ্বমঞ্চে জয়ের খাতা খুলেছিল আর্জেন্টিনা। এরপর ১৯৭৮, ১৯৮৬ ও ২০২২ সালে বিশ্বকাপ জয়ের পথে দলটি উপহার দিয়েছে অসংখ্য স্মরণীয় জয়। এর মধ্যে ২০০৬ বিশ্বকাপে সার্বিয়াকে ৬-০ গোলে উড়িয়ে দেওয়া কিংবা ১৯৮৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে দিয়েগো ম্যারাডোনার নেতৃত্বে পাওয়া ঐতিহাসিক জয় আজও ফুটবল ইতিহাসের অংশ।
তাই জর্ডানের বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার জন্য শুধু জয়ের ধারাবাহিকতা ধরে রাখার লড়াই নয়, বরং বিশ্বকাপ ইতিহাসে ৫০তম জয়ের মাইলফলক স্পর্শেরও সুযোগ। এখন অপেক্ষা একটাই—মেসিবাহিনী কি জর্ডান বাধা টপকে বিশ্বকাপের মঞ্চে জয়ের সুবর্ণজয়ন্তী উদযাপন করতে পারবে? সেই উত্তর মিলবে মাঠের লড়াইয়েই।
আরআই/এসকেডি/এএসএম












