শনিবার, ১৩ জুন ২০২৬ | সময়: ভোর ১১:২৪

‘বাবা বলে আর কখনো ডাকবে না’, ভেঙে পড়েছেন কায়সার হামিদ

👁️ ৬ Time View
Daraz horizontal banner

সন্তান হারানোর শোকে গভীরভাবে ভেঙে পড়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক তারকা কায়সার হামিদ। কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মৃত্যুতে এখনো শোক কাটিয়ে উঠতে পারছেন না তিনি।
মেয়েকে হারানোর বেদনা প্রকাশ করতে গিয়ে আবেগঘন কণ্ঠে কায়সার হামিদ বলেন, ‘বড় মেয়েটা আমার। এত তাড়াতাড়ি এভাবে চলে যাবে, ভাবতেও পারিনি। অনেক চেষ্টা করেছি। কিন্তু এই কষ্টটা কাকে বোঝাব? প্রতিদিন যেন বুকের ওপর একটা পাথর নিয়ে বেঁচে আছি।’
তিনি আরও বলেন, “বারবার মনে হয়, এই বুঝি কারিনা ‘বাবা’ বলে ডাকবে। কিন্তু পরক্ষণেই মনে পড়ে, কারিনা তো আর নেই। সে অনন্তের পথে পাড়ি দিয়েছে।”
মেয়ের শূন্যতা প্রসঙ্গে তিনি বলেন, ‘বাবা বলে ডাকবে আর কখনো না- এই কথাটা ভাবলেই বুকটা ভেঙে যায়।’
কারিনার মৃত্যুর পর প্রথমবার গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় বারবার কান্নায় ভেঙে পড়তে দেখা যায় এই সাবেক ফুটবলারকে। তার কথায় স্পষ্ট হয়ে ওঠে সন্তানের অনুপস্থিতির অসহনীয় কষ্ট।
পরিবার সূত্রে জানা যায়, আগামী ১১ নভেম্বর ৩৩ বছর পূর্ণ হওয়ার কথা ছিল কারিনা কায়সারের। কিন্তু তার আগেই গত সোমবার লিভার-সংক্রান্ত জটিলতায় তার মৃত্যু হয়। মুন্সিগঞ্জে নানাবাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
শোকাহত বাবা নিজের ফেসবুক পেজেও মেয়ের একটি পুরোনো ছবি পোস্ট করেন। ছবিতে দেখা যায়, মাত্র তিন মাস বয়সী কারিনা বাবার কোলে। সেই স্মৃতি ভাগ করে নিয়ে তিনি লেখেন, ‘কারিনা, দিন যাবে, বছর যাবে। একসময় সবাই তোমাকে ভুলে যেতে পারে। কিন্তু তোমার বাবার বুকে তুমি চিরদিন থাকবে। আল্লাহ তোমাকে বেহেশত নসিব করুক। আমিন।’
শোকের এই সময়ে মেয়ের মা লোপা কায়সারও সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘জীবনের বহু কঠিন সময় পার করলেও সন্তানের মৃত্যু তার জীবনের সবচেয়ে বড় শূন্যতা তৈরি করেছে।’
আরও পড়ুন:ক্রিকেট বোর্ড দখল নিয়ে চাঞ্চল্যকর দাবি আসিফের ঈদের ‘আনন্দমেলা’য় রুনা লায়লা-পরীমনিসহ যাদের দেখা যাবে 
পরিবারের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথমে জ্বরে আক্রান্ত হন কারিনা। পরে শরীরে সংক্রমণ ধরা পড়ে এবং হেপাটাইটিস এ ও ই-জনিত জটিলতায় তার লিভার ফেইলিউর দেখা দেয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে এবং পরে লাইফ সাপোর্টে রাখা হয়।
চিকিৎসার জন্য ভারতের চেন্নাইতে নেওয়া হলেও শেষ পর্যন্ত সব চেষ্টা ব্যর্থ হয়। কনটেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচিত কারিনা সাম্প্রতিক সময়ে অভিনয় ও চিত্রনাট্য লেখার কাজও করছিলেন। তার উল্লেখযোগ্য কাজের মধ্যে রয়েছে ‘ইন্টার্নশিপ’ ও ‘৩৬-২৪-৩৬’।
এমএমএফ

Daraz horizontal banner
Daraz square banner
technoviable
technoviable

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট