
কক্সবাজারের উখিয়া সীমান্ত থেকে অভিযান চালিয়ে ২৮২ রাউন্ড গোলাবারুদ ও দেশীয় অস্ত্র উদ্ধার করেছে বিজিবি। রোববার (২৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে ৬৪-বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. জহিরুল ইসলাম এ তথ্য জানান।
তিনি জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল পালংখালী বিওপি’র সীমান্ত পিলার বিআরএম-১৯ এলাকার বাহারপাড়ায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা দা ও গোলাবারুদ ফেলে পালিয়ে যায়। পরে, বিজিবি সদস্যরা ঘটনাস্থলে ব্যাপক তল্লাশি চালিয়ে ১টি দা ও ২৮২ রাউন্ড গোলাবারুদ উদ্ধার করতে সক্ষম হয়।
লে. কর্নেল মো. জহিরুল ইসলাম আরও জানান, পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের শনাক্ত করে তাকে গ্রেফতার করার জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।
জাহাঙ্গীর আলম/কেএইচকে/এমএস







