শনিবার, ১৩ জুন ২০২৬ | সময়: রাত ৮:৫৯

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১২ জুন ২০২৬

👁️ ২ Time View
Daraz horizontal banner

বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-
ইতিহাসে প্রথম যৌথ সংবাদ সম্মেলন ছাড়াই শেষ হলো বিজিবি-বিএসএফ বৈঠক
নয়াদিল্লিতে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর শীর্ষ পর্যায়ে চার দিনের বৈঠক শেষ হয়েছে। তবে এবারের শীর্ষবৈঠক শেষে ‘প্রথাগত’ যৌথ সাংবাদিক সম্মেলন করেনি কোনো পক্ষই। দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর উচ্চপর্যায়ের বৈঠকের ইতিহাসে এই প্রথম এমন ঘটনা ঘটলো।
উত্তর প্রদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ‘ধর্মান্তরবিরোধী’ সেল গঠনের নির্দেশ
ভারতের উত্তর প্রদেশের সব বিশ্ববিদ্যালয়, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান, মেডিকেল ও ডেন্টাল কলেজে ‘ধর্মান্তর অর্থাৎ ধর্ম পরিবর্তনবিরোধী সেল’ গঠনের নির্দেশ দিয়েছেন রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল। চিঠিতে বলা হয়, শিক্ষার্থীদের প্রভাবিত করা, ভয় দেখানো, মানসিক চাপ সৃষ্টি করা বা অনৈতিক সুবিধা দিয়ে কোনো ধরনের বেআইনি বা জোরপূর্বক ধর্মান্তরের চেষ্টা সম্পূর্ণ অগ্রহণযোগ্য, অনৈতিক ও আইনবিরোধী।
ইসরায়েলি সেনার এক গুলিতে আহত ৩, প্রাণ গেল সাত মাস বয়সী ওয়িসামের
হেবরনে আত্মীয়দের বাড়ি থেকে ফেরার পথে একটি ফিলিস্তিনি পরিবারের গাড়িতে গুলি চালায় এক ইসরায়েলি সেনা। ওই সেনার এক গুলিতেই ফিলিস্তিনি পরিবারের তিন সদস্য আহত হন এবং সাত মাস বয়সী শিশু ওয়িসাম আবু হাইকাল নিহত হয়েছে।
ইরানের সঙ্গে শান্তিচুক্তি রোববার হতে পারে: রয়টার্সকে পশ্চিমা কর্মকর্তা
শুক্রবার (১২ জুন) একজন পশ্চিমা কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে জানান, স্মারকের ভাষা চূড়ান্তের কাজ এখনো চলছে। লেবাননে চলমান যুদ্ধকেও এই চুক্তিতে রাখার দাবিতে অনড় রয়েছে ইরান। চুক্তি সইয়ের সম্ভাব্য স্থান হিসেবে এগিয়ে রয়েছে সুইজারল্যান্ডের জেনেভার নাম।
ট্রাম্পের যুদ্ধ থামানোর সিদ্ধান্তে হতবাক নেতানিয়াহু, জানতেন না কিছুই!
যুদ্ধ বন্ধে ইরানে হামলা চালানোর পরিকল্পনা আকস্মিকভাবে বাতিল করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড। আর তাতে ‘হতবাক’ হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শুক্রবার (১২ জুন) মার্কিন গণমাধ্যম ‘অ্যাক্সিওস’ এমনটিই দাবি করেছে।
খসড়া চুক্তিতেও হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ ছাড়ছে না ইরান
ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, বর্তমানে চূড়ান্ত করার প্রক্রিয়ায় থাকা খসড়া নথির ‘সামগ্রিক কাঠামো’ অনুযায়ী ইরান হরমুজ প্রণালির ব্যবস্থাপনা অন্য কারও কাছে হস্তান্তরের কোনো প্রতিশ্রুতি দেয়নি। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার আগে যে পরিস্থিতি ছিল, তা পুনঃপ্রতিষ্ঠার বিষয়েও কোনো অঙ্গীকার করা হয়নি।
ফিলিস্তিন ইস্যুতে আন্তর্জাতিক বৈঠক আজ, থাকছে না ইসরায়েল-যুক্তরাষ্ট্র
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের মধ্যেও দ্বি-রাষ্ট্রভিত্তিক সমাধানের প্রশ্নটি আন্তর্জাতিক অঙ্গনে সক্রিয় রেখেছে ফ্রান্স। এর ধারাবাহিকতায় শুক্রবার (১২ জুন) ইসরায়েলি ও ফিলিস্তিনি নাগরিক সমাজের প্রতিনিধিরা ফ্রান্সের প্যারিসে বৈঠকে বসবেন। তবে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই বৈঠকে অংশগ্রহণ করতে অস্বীকৃতি জানিয়েছে।
ট্রাম্প বলছেন চুক্তি হতে দেরি নেই, ইরানের দাবি এখনো কিছুই চূড়ান্ত হয়নি
যুক্তরাষ্ট্র-ইরান চলমান সংঘাত বন্ধে একটি চুক্তি হতে আর দেরি নেই বলে ফের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরান বলছে, এ ধরনের কোনো চুক্তি এখনো চূড়ান্ত হয়নি ও এ নিয়ে প্রকাশিত খবর কেবলই জল্পনাকল্পনা।
আমন্ত্রণের জন্য ম্যাক্রোকে ধন্যবাদ জানালেও অংশ নেবেন না সৌদি প্রিন্স
আগামী সপ্তাহে জি-৭ এর শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য আমন্ত্রণ পেলেও অংশগ্রহণ করবেন না সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। আমন্ত্রণ জানানোর জন্য ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো ধন্যবাদ জানিয়েছেন প্রিন্স সালমান। তবে, সৌদি প্রিন্সের পূর্ব নির্ধারিত কর্মসূচির কারণে ওই বৈঠকে তিনি উপস্থিত থাকবেন না।
এসএএইচ

Daraz horizontal banner
technoviable
Daraz square banner
technoviable

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বাধিক পঠিত

সম্পর্কিত পোস্ট