শনিবার, ১৩ জুন ২০২৬ | সময়: রাত ৮:০০

শোকজের জবাব সন্তোষজনক না হলে আদ-দ্বীনের বিরুদ্ধে সর্বোচ্চ ব্যবস্থা

👁️ ৫ Time View

রোববার (৭ জুন) বিকেলের মধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের কারণ দর্শানোর (শোকজ) নোটিশের জবাব না পেলে আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
শনিবার (৬ জুন) দুপুরে রাজধানীর মিন্টো রোডের নিজ বাসভবনে স্বাস্থ্যখাতের সার্বিক অগ্রগতি ও সমসাময়িক বিষয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই হুঁশিয়ারি দেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, জনস্বার্থে এবং মানুষের জীবনের স্বার্থে আইন অনুযায়ী শাস্তির বিধান নিশ্চিত করা হবে। হাসপাতাল কর্তৃপক্ষকে রোববার বিকেলের মধ্যে জবাব দিতে বলা হয়েছে। সেই জবাব সন্তোষজনক না হলে আইন অনুযায়ী সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছয় শিশুর মৃত্যুর ঘটনার কথা উল্লেখ করে সাখাওয়াত হোসেন বকুল বলেন, এই ঘটনায় এরই মধ্যেই একটি ফৌজদারি মামলা হয়েছে। ভুক্তভোগী পরিবারের দাবি যাই হোক না কেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
সারা দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি রোধে সরকারের নানামুখী তৎপরতার কথা তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী জানান, ডেঙ্গু প্রতিরোধে আজ সকাল ১০টা পর্যন্ত দেশব্যাপী একযোগে সচেতনতামূলক র‌্যালি করা হয়েছে। রাজধানীর রবীন্দ্র সরণি থেকে শুরু করে ঢাকা শহরসহ সারাদেশের জেলা শহরগুলোতে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বাড়াতে এই কর্মসূচি পালন করা হয়।
ডেঙ্গু নিয়ন্ত্রণে তিনি দেশবাসীকে সতর্ক থাকার এবং চারপাশ পরিষ্কার রাখার আহ্বান জানান। একই সঙ্গে আক্রান্তদের চিকিৎসায় সব ধরনের ওষুধ প্রস্তুত রয়েছে বলেও নিশ্চিত করেন তিনি।
ডেঙ্গু রোগীদের চিকিৎসায় সবচেয়ে জরুরি উপাদান স্যালাইনের সংকটের বিষয়টি মাথায় রেখে তা আমদানির প্রক্রিয়া চলছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, আগামীকাল (রোববার) সকাল ১০টা ৩০ মিনিটে সচিবালয়ে আরও এক লাখ আমদানি করা স্যালাইন এসে পৌঁছাবে। এর আগে বিদেশ থেকে বিনামূল্যে এক লাখ স্যালাইন এসেছে। ফলে নতুন লট আসার পর সরকারের মোট মজুত দাঁড়াবে দুই লাখ ব্যাগে।
এই স্যালাইন ডেঙ্গু রোগীদের চিকিৎসায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করে মন্ত্রী আরও যোগ করেন, আগামী এক সপ্তাহের মধ্যে দেশের চাহিদা মেটাতে আরও বিপুল পরিমাণ স্যালাইন সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়।
এসইউজে/এমআইএইচএস

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বাধিক পঠিত

সম্পর্কিত পোস্ট