
পাবনার আতাইকুলায় স্কুলছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টায় অভিযুক্ত যুবদল নেতা আবুল কাশেমকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) ভোরে সিরাজগঞ্জের শাহজাদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
এদিকে এই ঘটনার জেরে ও অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে দল থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে।
গ্রেফতার আবুল কাশেম পাবনার আতাইকুলা থানা এলাকার আড়িয়াডাংগী গ্রামের মৃত নিজামুদ্দিন শেখের ছেলে। তিনি আর-আতাইকুলা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতির দায়িত্ব পালন করেছিলেন।
সূত্র জানায়, ১১ জুন স্কুল থেকে বাড়ি ফেরার পথে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীকে শ্লীলতাহানি চেষ্টার অভিযোগ ওঠে আবুল কাশেমের বিরুদ্ধে। এ ঘটনায় ১২ জুন শিক্ষার্থীর মা বাদী হয়ে কাশেমকে অভিযুক্ত করে আতাইকুলা থানায় একটি মামলা দায়ের করেন। পরে রোববার (১৪ জুন) এ ঘটনার প্রতিবাদে ও দোষীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন হয়। এসময় স্থানীয় বিক্ষুব্ধরা অভিযুক্তের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। পরে সোমবার (১৫ জুন) তাকে গ্রেফতার করে পুলিশ।
এদিকে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে দল থেকেও তাকে বহিষ্কার করা হয়েছে। রোববার রাতে ইউনিয়ন যুবদলের সভাপতি একতাশামুল হক রাজিব এবং সাধারণ সম্পাদক বিল্লাল সরদার স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান বলেন, ‘সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। পরে সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরণ করা হয়েছে।’
আলমগীর হোসাইন নাবিল/এএইচ/এমএস












