রবিবার, ১৯ এপ্রিল ২০২৬ | সময়: ভোর ৩:০৩

প্রকাশ হলো ২০২৬ বিশ্বকাপের দ্বিতীয় অফিসিয়াল গান ‘পর এলা’

👁️ ১ Time View

ফুটবল আর সঙ্গীত- দুটি বৈশ্বিক আবেগকে এক সুতোয় গাঁথতে এবার নতুন ধাপ পার করল ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিসিয়াল মিউজিক প্রজেক্ট। বহু শিল্পীর অংশগ্রহণে তৈরি এই অ্যালবামের দ্বিতীয় গান ‘পর এলা’ বিশ্বব্যাপী প্রকাশিত হয়েছে।
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর অফিশিয়াল অ্যালবামের এই নতুন গানটিতে মেক্সিকান সংস্কৃতির স্পন্দন ফুটে উঠেছে; গানটির নির্বাহী প্রযোজনায় রয়েছেন পুয়ের্তো রিকান হিটমেকার টাইনি।
শুক্রবার দিনটি ফিফা বিশ্বকাপের মিউজিক যাত্রায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে। কারণ, টুর্নামেন্টের অফিসিয়াল অ্যালবামের দ্বিতীয় সিঙ্গেল ‘পর এলা’ বিশ্বজুড়ে উন্মুক্ত করা হয়েছে।
এই গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় পপ তারকা বেলিন্ডা, সঙ্গে রয়েছে মেক্সিকোর কিংবদন্তি কাম্বিয়া ব্যান্ড লস অ্যাঞ্জেলেস আজুলস। পুরো প্রযোজনায় রয়েছে টাইনির স্বাক্ষর, আর গানটি প্রকাশিত হয়েছে ডেফ জ্যাম রেকর্ডিংসের মাধ্যমে। গানটির মিউজিক ভিডিওসহ এটি ইতোমধ্যে সব বড় স্ট্রিমিং প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে এবং বিশ্বজুড়ে উদযাপনের আবহ তৈরি করেছে।
অফিসিয়াল অ্যালবামের দ্বিতীয় গান হিসেবে ‘পর এলা’র প্রকাশ টুর্নামেন্টের বৈশ্বিক সঙ্গীত কার্যক্রমে আরেকটি বড় পদক্ষেপ। সমসাময়িক পপ ও কাম্বিয়ার ঐতিহ্যবাহী ছন্দের মিশেলে তৈরি এই গানটি বিশ্বকাপ ঘিরে বাড়তে থাকা উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে।
গানটি নিয়ে বেলিন্ডা বলেন, ‘বিশ্বকাপের অফিসিয়াল অ্যালবামের অংশ হওয়া আমার জন্য বিশাল সম্মানের। ‘পর এলা’ আমাদের সংস্কৃতির শক্তিকে তুলে ধরে, আর বিশ্বকাপ যে অনন্য আবেগ তৈরি করে সেটাকেও ধারণ করে। মেক্সিকো, লাতিন আমেরিকা ও পুরো বিশ্ব এই উদযাপনে একত্রিত হয়- এমন একটি গান ভাগ করে নিতে পেরে আমি ভিষণ আনন্দিত।’
এর আগে অ্যালবামের প্রথম গান ‘লাইটার’ বিশ্বব্যাপী প্রকাশের পর ‘পর এলা’ সে ধারাবাহিকতা বজায় রেখেছে। এটি একটি বহুধাপের সঙ্গীত প্রজেক্ট, যা ইতিহাসের সবচেয়ে বড় ৪৮ দলের বিশ্বকাপের আগে ধাপে ধাপে প্রকাশিত হবে। আগামী সপ্তাহগুলোতে আরও বিভিন্ন ঘরানা, সংস্কৃতি ও শিল্পীর গান প্রকাশ পাবে, যাতে বিশ্বের প্রতিটি সমর্থক নিজের পছন্দের কিছু খুঁজে পান।
লস অ্যাঞ্জেলেস আজুলস-এ প্রসঙ্গে জানায়, ‘বেলিন্ডার সঙ্গে আবার কাজ করতে পেরে আমরা গর্বিত। আন্তর্জাতিক ক্রীড়াজগতের এত বড় একটি প্রজেক্টের অংশ হতে পারা আমাদের জন্য আনন্দের। ফিফা বিশ্বকাপ ২০২৬-এ মেক্সিকোর প্রতিনিধিত্ব করতে পেরে আমরা গর্বিত। আমরা বিশ্বাস করি, ফুটবলপ্রেমী প্রতিটি হৃদয় এই গান উপভোগ করবে, যেমন আমরা তৈরি করার সময় করেছি।’
স্প্যানিশ ভাষার এই প্রাণবন্ত গানটি ‘ডি মেক্সিকো প্যারা এল মুন্ডো’ (মেক্সিকো থেকে বিশ্বে) মন্ত্রকে ধারণ করে অ্যালবামে এক বিশেষ মেক্সিকান স্বাদ যোগ করেছে। একই সঙ্গে এটি টাইনির নেতৃত্বে ভবিষ্যতে আরও কিছু গানের সূচনা, যেখানে তিনি নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করছেন।
‘পর এলা’ শুধু একটি গান নয়- এটি এমন একটি সঙ্গীত প্রকল্পের অংশ, যা ফুটবল ও সঙ্গীতের মধ্যে সাংস্কৃতিক সেতুবন্ধন তৈরি করবে। ৪৮ দলের এই বিশাল টুর্নামেন্টের বৈচিত্র্য, শক্তি ও উদ্দীপনাকে প্রতিফলিত করাই এই অ্যালবামের লক্ষ্য, যাতে ভক্তরা আরও কাছ থেকে উপভোগ করতে পারেন তাদের প্রিয় শিল্পী ও বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় মঞ্চকে।
‘পর এলা’ গানটি দেখুন এই লিংকে…।
আইএইচএস/

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সম্পর্কিত পোস্ট