
লেবাননের ভেতরে মোতায়েন করা ইসরায়েলি বাহিনীর কার্যক্রমের ওপর কোনো ধরনের বিধিনিষেধ নেই ও সেনারা যে কোনো হুমকির বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ। একই সঙ্গে তিনি স্পষ্ট করে জানিয়েছেন, লেবাননের ভূখণ্ডের ভেতরে প্রতিষ্ঠিত তথাকথিত ‘নিরাপত্তা অঞ্চল’ থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহারের কোনো পরিকল্পনা নেই।
কাৎজের এই মন্তব্য এমন এক সময় এলো, যখন ইরান জানিয়ে দিয়েছে যে লেবাননের যুদ্ধ বন্ধ না হলে তারা ওয়াশিংটনের সঙ্গে বৃহত্তর কোনো চুক্তি নিয়ে আলোচনায় বসবে না। এর কিছুক্ষণ আগেই তেহরান সতর্ক করে বলেছিল, লেবাননে চলমান যুদ্ধের অবসান ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে বিস্তৃত সমঝোতা বা নতুন আলোচনায় অংশ নেওয়ার কোনো সুযোগ নেই।
রোববার (২১ জুন) দেওয়া এক বিবৃতিতে ইসরায়েল কাৎজ বলেন, লেবাননে অবস্থানরত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) সদস্যদের জন্য কখনোই কোনো নিষেধাজ্ঞা ছিল না ও বর্তমানেও নেই। তাদের সামনে কোনো হুমকি দেখা দিলে, তা নির্মূল করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পূর্ণ নির্দেশনা রয়েছে।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও তিনি নিজে আগেই যে অবস্থান স্পষ্ট করেছেন, সেটিই বহাল রয়েছে। প্রধানমন্ত্রী ও আমি পরিষ্কারভাবে জানিয়েছি, ইসরায়েল লেবাননের নিরাপত্তা অঞ্চল থেকে সরে যাবে না।
ইসরায়েল যে ‘নিরাপত্তা অঞ্চল’-এর কথা বলছে, সেটি লেবাননের ভূখণ্ডের প্রায় ১০ কিলোমিটার (প্রায় ছয় মাইল) ভেতর পর্যন্ত বিস্তৃত। বর্তমানে ওই এলাকায় ইসরায়েলি বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছে।
সূত্র: এএফপি
এসএএইচ












