
ব্রাজিলের জার্সিতে এনদ্রিকের অভিষেক হবে কি না, তা নিয়ে কয়েক দিন ধরেই আলোচনা চলছিল। শেষ পর্যন্ত হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ে তরুণ ফরোয়ার্ডকে মাঠে নামান কোচ কার্লো আনচেলত্তি।
ম্যাচের ৬৪তম মিনিটে মাথেউস কুনহার বদলি হিসেবে মাঠে নামেন তিনি এবং একবার জালেও বল পাঠান, যদিও গোলটি পরে বাতিল হয়ে যায়।
ম্যাচ শেষে নিজের অনুভূতি জানাতে গিয়ে এনদ্রিক বলেন, ‘আমি খুবই খুশি। ঈশ্বর আমাকে বলেছিলেন যে আমি জীবনে অসাধারণ কিছু করবো। আমি মাঠে নেমে একটি গোল করেছি, যদিও পরে সেটি বাতিল হয়েছে। কিন্তু আমার হৃদয়ের গভীরে সেটি এমন একটি গোল, যার মূল্য অনেক বেশি।’
তিনি আরও বলেন, ‘আমি ব্রাজিলিয়ান সমর্থকদেরও ধন্যবাদ জানাতে চাই। যারা ব্রাজিল থেকে যুক্তরাষ্ট্রে এসে দলকে সমর্থন দিয়েছেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ। এই দলে এমন খেলোয়াড়দেরই থাকা উচিত, যারা লড়াই করতে চায়, খেলতে চায়, মাঠে থাকতে চায় এবং দলকে সাহায্য করতে চায়।’
নিজের লক্ষ্য ও প্রস্তুতি নিয়ে এনদ্রিক বলেন, ‘আমি প্রতিদিন কঠোর পরিশ্রম করছি, সঠিকভাবে সবকিছু করার চেষ্টা করছি এবং নিজেকে উন্নত করছি, যাতে সুযোগ এলে আমি প্রস্তুত থাকি। জাতীয় দলের হয়ে আমি সব সময় যেমন খেলেছি, তেমনই প্রতিটি ম্যাচকে ক্যারিয়ারের শেষ ম্যাচ মনে করে খেলতে চাই।’
আরএএইচইউএল/আইএন












