প্রথম আক্রমণেই আবাহনীর গোল। সেই আক্রমণ ছিল ম্যাচের প্রথম মিনিটে। ডান দিক দিয়ে ফর্টিসের সীমানায় ঢুকে গোলমুখে বল ফেলেছিলেন মিরাজুল। ফর্টিসের নেপালি গোলরক্ষক সুজন পেরেরা ও ডিফেন্ডার মিঠুর মধ্যে ভুল বোঝাবুঝিতে বল গড়িয়ে যখন জালে জড়ায়, তখন ম্যাচের বয়স ৩৩ সেকেন্ড।
শুক্রবার কুমিল্লার ভাষা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে সেই লিড পুরো সময় ধরে রেখে ফর্টিসের বিপক্ষে ১-০ গোলের গুরুত্বপূর্ণ জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ ফুটবল লিগের সর্বাধিক ৬ বারের চ্যাম্পিয়ন আবাহনী। অষ্টম জয়ে ২৮ পয়েন্ট নিয়ে এক ম্যাচ কম খেলা বসুন্ধরা কিংসের সমান্তরালে তারা।
এবারের লিগে ফর্টিসের পারফমেন্সে বেশ আওয়াজ উঠেছিল নতুন চ্যাম্পিয়ন পাবে কিনা শীর্ষ লিগ। লিগের অনেকটা পথ ফর্টিস হাটছিল কিংসের সাথে গলাগলি ধরে। তবে দ্বিতীয় পর্বে দুই দলের মুখোমুখিতে ফর্টিস হেরে সেই যে পিছিয়েছে সেখান থেকে আর ফিরতে পারেনি। শুক্রবার আবাহনীর বিপক্ষে হারটা তো তাদের লিগ শিরোপার লড়াই থেকে অনেকটাই দূরে ঠেলে দিলো।
তৃতীয় হারে ফর্টিস এফসির ১৪ ম্যাচে পয়েন্ট ২৫। কিংস ও আবাহনী পয়েন্ট না হারালে ফর্টিসের শিরোপা লড়াইয়ে ফিরে আসা কঠিন। আবাহনী গত মৌসুমে শিরোপা উদ্ধারের দৌড়টা থেমেছিল দুইয়ে থেকে। এবার বেশ ভালো সুযোগ তাদের সামনে। ১৫ মে ঘরের মাঠে বসুন্ধরা কিংসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ তাদের। এই ম্যাচের ফলই নির্ধারণ করে দিতে পারে লিগের গতিচিত্র।
শুক্রবার অন্য ম্যাচে রহমতগঞ্জকে ১-০ গোলে হারিয়ে ৩ পয়েন্ট নিয়ে ঘরে ফিরেছে আরামবাগ। ১৪ ম্যাচে আরামবাগের পয়েন্ট ১৩ এবং রহমতগঞ্জের আগের মতোই ১৯। ১০ পয়েন্ট নিয়ে সবার নিচে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব।
আরআই/এমএমআর
Editor: TECHNO NEWS
Email :info@technoviable.com
Mobile : +8801914219906
৬২২, ফ্ল্যাট নং ১৩/বি, এভারগ্রীন মিজান স্কয়ার, বেগম রোকেয়া সরণি, ঢাকা-১২১৬, বাংলাদেশ।
Copyright TechnoNews 2025 | Developed By Technoviable