
রাজবাড়ীতে শহরের বড়পুল এলাকায় পুরাতন বসুন্ধরা সিনেমা হলের জমি সংলগ্ন জেলা পরিষদের প্রায় ৫ কোটি টাকা মূল্যের সাড়ে ১১ শতাংশ জমি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে রাজবাড়ী জেলা পরিষদের কর্মকর্তারা সেখানে জেলা পরিষদের সাইনবোর্ড ঝুলিয়ে জমিটি নিজেদের দখলে নেন।
রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের পাশে রাজবাড়ী পৌরসভার সজ্জনকান্দা মৌজার ১৫৬৫ নং দাগে ৬ শতাংশ ৫৪ লিংক এবং ১৫৬৬ নং দাগে ৫ শতাংশ ১২ লিংকসহ মোট ১১ শতাংশ ৬৬ লিংক জমি দীর্ঘদিন ধরে অবৈধ দখলে ছিল।
স্থানীয়দের অভিযোগ, সাবেক রেলমন্ত্রী, রাজবাড়ী-২ আসনের সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. জিল্লুল হাকিম ওই জমির সঙ্গে সংলগ্ন কিছু জমি ক্রয় করে জেলা পরিষদের জমি দখলে নেন।
রাজবাড়ী জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক আব্দুস সালাম মিয়া বলেন, জমিটি বেদখল ছিল। জেলা পরিষদ সেটি দখলে নিয়েছে।
তিনি আরও জানান, জেলা পরিষদের আয় বৃদ্ধির লক্ষে উদ্ধারকৃত জমিতে দ্রুত মার্কেট নির্মাণের পরিকল্পনা রয়েছে। অবৈধ দখলে থাকা জেলা পরিষদের সব জমি পর্যায়ক্রমে উদ্ধার করা হবে।
রুবেলুর রহমান/এএইচ/এএসএম







