বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব শপিং মল, মার্কেট ও দোকান সন্ধ্যা ৭টার মধ্যে বন্ধ রাখার সরকারি নির্দেশনা পুনর্বহাল করা হয়েছে। ঈদুল আজহা উপলক্ষে কিছুদিনের জন্য রাত ১০টা পর্যন্ত খোলা রাখার যে বিশেষ অনুমতি দেওয়া হয়েছিল, সেটি আর বহাল থাকছে না।
তবে এই সিদ্ধান্তে স্বস্তির খবর রয়েছে সিনেমাপ্রেমীদের জন্য। সরকারি নির্দেশনার আওতার বাইরে রাখা হয়েছে দেশের সিনেমা হল ও সিনেপ্লেক্সগুলো। ফলে শপিংমলের ভেতরে অবস্থিত সিনেমা হলগুলোও নির্ধারিত সময়সূচি অনুযায়ী তাদের শো পরিচালনা করতে পারবে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল। তিনি জানান, ঈদের আগেই তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের কাছে এ বিষয়ে আবেদন করা হয়েছিল, যাতে শপিংমল বন্ধের সিদ্ধান্তের প্রভাব সিনেমা হল ও সিনেপ্লেক্সের ওপর না পড়ে।
তিনি বলেন, ‘মন্ত্রণালয় আমাদের আবেদন বিবেচনা করে ইতিবাচক সিদ্ধান্ত জানিয়েছে। ফলে যেসব সিনেমা হল শপিংমলের সঙ্গে সংযুক্ত, সেগুলোর প্রদর্শনী নিয়ে দর্শকদের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।’
একই তথ্য জানিয়েছেন স্টার সিনেপ্লেক্সের প্রধান বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, শপিংমল নির্ধারিত সময়ে বন্ধ হলেও সিনেমা প্রদর্শন কার্যক্রম স্বাভাবিক থাকবে এবং দর্শকরা আগের মতোই সিনেমা উপভোগ করতে পারবেন।
আরও পড়ুন:আল্লাহ মাফ করুক, কানে ধরি: রাজনীতির কথা শুনে শিরিন শিলা শাকিব-অপুর সঙ্গে অভিনয় বদলে দিয়েছিল শিরিন শিলার ভাবনা
এদিকে ঈদুল আজহা উপলক্ষে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে আটটি নতুন সিনেমা। এর মধ্যে রয়েছে ‘রকস্টার’, ‘রইদ’, ‘বনলতা সেন’, ‘মালিক’, ‘পিনিক’, ‘অফিসার’, ‘মাসুদ রানা’ ও ‘তছনছ’।
সংশ্লিষ্টরা মনে করছেন, ঈদের ছুটিতে মুক্তিপ্রাপ্ত সিনেমাগুলোর দর্শক উপস্থিতি ধরে রাখতে এই সিদ্ধান্ত ইতিবাচক ভূমিকা রাখবে। বিশেষ করে শপিংমলভিত্তিক মাল্টিপ্লেক্সগুলোতে সন্ধ্যা ও রাতের শোগুলো নির্বিঘ্নে চালানো সম্ভব হবে।
ফলে বিদ্যুৎ সাশ্রয়ের উদ্যোগের মধ্যেও ঈদের সিনেমা উপভোগে কোনো বাধার মুখে পড়তে হবে না দর্শকদের।
এমএমএফ
Editor: TECHNO NEWS
Email :info@technoviable.com
Mobile : +8801914219906
৬২২, ফ্ল্যাট নং ১৩/বি, এভারগ্রীন মিজান স্কয়ার, বেগম রোকেয়া সরণি, ঢাকা-১২১৬, বাংলাদেশ।
Copyright TechnoNews 2025 | Developed By Technoviable