রাজশাহী নগরীর সাহেববাজার স্বর্ণপট্টি এলাকায় জুয়েলার্সের দোকানে চুরির ঘটনায় সব স্বর্ণের দোকান বন্ধ ঘোষণা করেছে বাজুস। দুর্বৃত্তরা কারুশ্রী জুয়েলার্স থেকে প্রায় ২০০ ভরি সোনা, ১২০০ ভরি রুপা (চাঁদি) এবং নগদ ২০ লাখ টাকা চুরি করে নিয়ে গেছে বলে অভিযোগ উঠেছে।
শনিবার (২০ জুন) সকালে নগরীর সমবায় মার্কেটে দোকান খুলতে এসে মালিকপক্ষ চুরির বিষয়টি জানতে পারে। ধারণা করা হচ্ছে, বৃহস্পতিবার দিবাগত রাত থেকে শুক্রবার ভোরের মধ্যে কোনো এক সময় এ ঘটনা ঘটেছে। এ সময় দোকান বন্ধের ঘোষণা দেন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) রাজশাহী জেলা।
ক্ষতিগ্রস্ত কারুশ্রী জুয়েলার্সের মালিক তুর্য সরকার বলেন, ‘পাশের দোকান থেকে আমার দোকানে ঢুকে চুরি করেছে। দোকানের প্রায় সব মালামাল নিয়ে গেছে। এর সুষ্ঠু বিচার চাই। পাশেই একটি হোস্টেল রয়েছে। সেখানে নাইটগার্ড ও কেয়ারটেকার থাকা সত্ত্বেও কীভাবে এমন ঘটনা ঘটল, তা বোধগম্য নয়। সারা জীবনের অর্জিত সম্পদ চোর নিয়ে গেছে।’
বাজুস-এর রাজশাহী জেলা শাখার সভাপতি মো. আশরাফুল ইসলাম অপু বলেন, ‘প্রাথমিকভাবে প্রায় ২০০ ভরি সোনা, ১২০০ ভরি চাঁদি এবং নগদ ২০ লাখ টাকা চুরি হয়েছে বলে জানা গেছে। চুরি হওয়া মালামাল উদ্ধার এবং জড়িতদের গ্রেফতার না করা পর্যন্ত রাজশাহীর সব জুয়েলার্সের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
এ বিষয়ে রাজশাহী মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান বলেন, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিআইডির একটি টিম তথ্য সংগ্রহ করছে। এখনো লিখিত অভিযোগ পাইনি, তবে পুলিশি কার্যক্রম শুরু করা হয়েছে।’
মনির হোসেন মাহিন/এএইচ/এমএস
Editor: TECHNO NEWS
Email :info@technoviable.com
Mobile : +8801914219906
৬২২, ফ্ল্যাট নং ১৩/বি, এভারগ্রীন মিজান স্কয়ার, বেগম রোকেয়া সরণি, ঢাকা-১২১৬, বাংলাদেশ।
Copyright TechnoNews 2025 | Developed By Technoviable