হলিউডের জনপ্রিয় গুপ্তচর চরিত্র জেমস বন্ডকে নিয়ে নতুন করে চলছে অভিনেতা বাছাইয়ের আলোচনা। তবে দীর্ঘ চার দশক ধরে বন্ড সিরিজের কাস্টিং পরিচালনার দায়িত্বে থাকা ডেবি ম্যাকউইলিয়ামস স্পষ্ট জানিয়ে দিয়েছেন, গুঞ্জনে থাকা জ্যাকব এলোর্দি, ক্যালাম টার্নার কিংবা হ্যারিস ডিকিনসন- কাউকেই তিনি নতুন ০০৭ হিসেবে দেখতে চান না।
সম্প্রতি দ্য ইন্ডিপেনডেন্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাকউইলিয়ামস বলেন, ‘আমি তাদের কাউকেই জেমস বন্ড হিসেবে দেখতে চাই না। কারণ তাদের সম্পর্কে আমরা ইতোমধ্যেই অনেক কিছু জানি।’
তার মতে, জেমস বন্ড চরিত্রের সবচেয়ে বড় শক্তি তার রহস্যময় ব্যক্তিত্ব।
আরও পড়ুন
হলিউডে এআই বিপ্লব, সিনেমা নির্মাণে ৭৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে গুগল
তিনি বলেন, ‘বন্ডকে অবশ্যই রহস্যে ঘেরা একজন মানুষ হতে হবে। একজন গুপ্তচরের ব্যক্তিগত জীবন সম্পর্কে যত কম জানা যায়, ততই ভালো। তিনি কোথায় কেনাকাটা করেন, কোথায় থাকেন বা তার পরিবার কে- এসব জানার প্রয়োজন নেই। দর্শককে বিশ্বাস করতে হবে যে তিনি সত্যিই ‘লাইসেন্স টু কিল’ পাওয়া একজন গুপ্তচর।’
ম্যাকউইলিয়ামস আরও বলেন, টিমোথি ডালটন ও পিয়ার্স ব্রসনান যখন বন্ড হন, তখন তারা খুব বেশি পরিচিত ছিলেন না। ড্যানিয়েল ক্রেগও স্বাধীনধারার সিনেমায় কাজ করলেও তখনও বিশ্বজুড়ে তারকাখ্যাতি পাননি। তাই নতুন বন্ড হিসেবে তিনি এমন একজন অভিনেতাকেই দেখতে চান, যিনি দর্শকদের কাছে প্রায় অচেনা।
তিনি বলেন, ‘আমি চাই সম্পূর্ণ নতুন, অপ্রত্যাশিত একজন অভিনেতা জেমস বন্ড হোক।’
জেমস বন্ড চরিত্র নারী হওয়া উচিত কি না- এ প্রশ্নেও নিজের অবস্থান স্পষ্ট করেন ম্যাকউইলিয়ামস। তার ভাষ্য, ইয়ান ফ্লেমিং যেভাবে চরিত্রটি সৃষ্টি করেছিলেন, সেটিই বজায় রাখা উচিত।
আরও পড়ুন
‘মুশকিল হচ্ছে, মেসিকেও ভালো লাগে’, কোন দলের সমর্থক জয়া আহসান
এদিকে গত মে মাসে অ্যামাজন এমজিএম স্টুডিওস নিশ্চিত করেছে, নতুন জেমস বন্ড খোঁজার প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। যদিও কাস্টিং নিয়ে এখনই কোনো নির্দিষ্ট তথ্য প্রকাশ করতে চায় না স্টুডিও।
নতুন জেমস বন্ড সিনেমা পরিচালনা করবেন দেনি ভিলনুভ। এটি হবে দীর্ঘদিনের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির ২৬তম চলচ্চিত্র। চিত্রনাট্য লিখছেন স্টিভেন নাইট। প্রযোজনায় রয়েছেন অ্যামি পাস্কাল ও ডেভিড হেইম্যান, আর কাস্টিংয়ের দায়িত্ব পালন করছেন নিনা গোল্ড।
এলআইএ
Editor: TECHNO NEWS
Email :info@technoviable.com
Mobile : +8801914219906
৬২২, ফ্ল্যাট নং ১৩/বি, এভারগ্রীন মিজান স্কয়ার, বেগম রোকেয়া সরণি, ঢাকা-১২১৬, বাংলাদেশ।
Copyright TechnoNews 2025 | Developed By Technoviable