আর কয়েক সপ্তাহ পর ৩৯ বছর পূর্ণ করবেন লিওনেল মেসি। কিন্তু তার কাছে বয়স কেবলই একটি সংখ্যা। আলজেরিয়ার বিপক্ষে আর্জেন্টিনার ৩-০ গোলের জয়ে হ্যাটট্রিক করে আবারও ফুটবল বিশ্বকে মুগ্ধ করেছেন তিনি। প্রমাণ করেছেন, বয়স কোনো বিষয়ই নয় তার কাছে। অধিনায়ক মেসির এমন অবিশ্বাস্য পারফরম্যান্সের পর প্রশংসায় ভাসিয়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে স্কালোনি স্বীকার করেন, মেসির পারফরম্যান্স নিয়ে নতুন করে কিছু বলার ভাষা তার কাছে নেই, ‘আমি আসলে বাকরুদ্ধ। ম্যাচ শেষে তাকে জড়িয়ে ধরেছি, চুমু দিয়েছি এবং বলেছি যে আমি তাকে খুব ভালোবাসি। এর বেশি আর কী বলব? গোল করার বাইরেও সে যা মাঠে ছড়িয়ে দেয়, সেটাই অসাধারণ,’ বলেন স্কালোনি।
তিনি আরও যোগ করেন, ‘যেদিন সে (মেসি) খেলা ছেড়ে দেবে, সেদিন আমরা তাকে ভীষণ মিস করব। তাই এখন আমাদের উচিত তাকে উপভোগ করা। এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
২০১৪ বিশ্বকাপে ফাইনালে হারের পর ২০১৫ ও ২০১৬- টানা দুটি কোপা আমেরিকার ফাইনালে হেরে রাগে-ক্ষোভে, দুঃখে আর্জেন্টিনার খেলাই ছেড়ে দিতে চেয়েছিলেন। ওই সময় আর্জেন্টিনা ও মেসির ভক্ত-সমর্থকদের হাহাকার পড়ে গিয়েছিল বিশ্বব্যাপি। অনেক অনুরোধ-উপরোধের পর আবাওর জাতীয় দলে খেলতে আসেন মেসি। ২০১৮ বিশ্বকাপে ভরাডুবির পর মেসি অবসর নেননি। তবে জাতীয় দল থেকে বেশ কিছুদিনের জন্য বিরতি নিয়েছিলেন। যদিও লিওনেল স্কালোনি এসে অনেক বুঝিয়ে-সুজিয়ে মিয়ামি তারকাকে জাতীয় দলের জার্সিতে ফিরিয়ে আনেন।
এরপরই তো শুরু হয় রূপকথার গল্প লেখা। ২০২১ সালে কোপা আমেরিকা, ফাইনালিসিমা, বিশ্বকাপ, আবারও কোপা আমেরিকা- সব জয় করেছেন মেসি। মোট কথা ফুটবল ক্যারিয়ারে পূর্ণতা পেয়েছেন তিনি। ২০২৬ বিশ্বকাপ মেসির সামনে সেই পূর্ণতাকে দৃঢ় করার মিশন।
কিন্তু একটা সময় তো তাকে থামতে হবে। বুটজোড়া তুলে রাখার সিদ্ধন্ত নিতে হবে। এরপর দেখা যাবে না আর মেসি জাদু। যেদিন তিনি অবসরের ঘোষণা দিয়ে বুটজোড়া তুলে রাখবেন, সেদিন মেসি ভক্তদের হৃদয়ে রক্তক্ষরণ হয়তো দেখা যাবে না। কিন্তু তাদের মধ্যে যে হাহাকার আর আফসোস তৈরি হবে, সেটা হবে খুব হৃদয় বিদারক।
আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি সে সময়টার কথা মনে করিয়ে দিয়েই জানালেন, যে কয়দিন মেসি খেলছেন সে কয়দিন আমাদের উচিৎ তাকে উপভোড়গ করা।
এবারের বিশ্বকাপের প্রথম ম্যাচে আলজেরিয়ার বিপক্ষে তিন গোল করে মেসি বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় জার্মান কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসার পাশে জায়গা করে নিয়েছেন। দুজনেরই বিশ্বকাপে গোলসংখ্যা এখন ১৬।
তবে স্কালোনির মতে, মেসির এমন পারফরম্যান্স আর বিস্ময়ের কিছু নয়। গত দুই দশক ধরে তিনি একইভাবে নিজের শ্রেষ্ঠত্বের প্রমাণ দিয়ে চলেছেন, ‘বলব না যে, আমি এটা আশা করিনি। কারণ সে গত ২০ বছর ধরেই এমন করে আসছে। শুধু আর্জেন্টিনার সমর্থক নয়, ফুটবল ভালোবাসে এমন সবাই তাকে খেলতে দেখতে চায়,’ বলেন বিশ্বকাপজয়ী এই কোচ।
মেসির হ্যাটট্রিকে ম্যাচটি সহজ মনে হলেও বাস্তবে আলজেরিয়ার বিপক্ষে জয়টা এতটা সহজ ছিল না বলে মনে করেন স্কালোনি, ‘স্কোরলাইন দেখে ম্যাচটাকে সহজ মনে হতে পারে; কিন্তু বাস্তবে এটি ছিল কঠিন একটি লড়াই। ম্যাচে অনেক উত্থান-পতন ছিল। এটা ছিল আমাদের প্রথম ম্যাচ, আর আলজেরিয়াও ভালো দল। প্রতিপক্ষও ফুটবল খেলে- এটা আমাদের বুঝতে হবে,’ বলেন তিনি।
আর্জেন্টাইন কোচের মতে, সব সময় বলের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রাখা কিংবা প্রতিপক্ষকে পুরোপুরি চাপে রাখা সম্ভব নয়। তবে তার দলের সবচেয়ে বড় শক্তি হলো কঠিন মুহূর্তে লড়াই করার মানসিকতা।
‘সবসময় আপনি ম্যাচ নিয়ন্ত্রণ করতে পারবেন না। উন্নতির জায়গা অবশ্যই আছে। কিন্তু যখন এই দলটা হাতা গুটিয়ে লড়াইয়ে নামে, তখন তারা সবসময়ই নিজেদের সেরাটা দেয়,’ মন্তব্য করেন স্কালোনি।
বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে দারুণ সূচনা করা আর্জেন্টিনা এখন তাকিয়ে তাদের পরবর্তী ম্যাচের দিকে। আর মেসি যদি এমন ফর্ম ধরে রাখতে পারেন, তাহলে শুধু আর্জেন্টিনাই নয়, বিশ্ব ফুটবলও হয়তো আরেকটি ঐতিহাসিক অধ্যায়ের সাক্ষী হতে যাচ্ছে।
আইএইচএস/
Editor: TECHNO NEWS
Email :info@technoviable.com
Mobile : +8801914219906
৬২২, ফ্ল্যাট নং ১৩/বি, এভারগ্রীন মিজান স্কয়ার, বেগম রোকেয়া সরণি, ঢাকা-১২১৬, বাংলাদেশ।
Copyright TechnoNews 2025 | Developed By Technoviable