জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ৫ টাকা বৃদ্ধির প্রতিবাদে যশোরে মোটরসাইকেল ঠেলে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (১ জুন) বিকেলে শহরের চিত্রামোড় থেকে সংগঠনের নেতাকর্মীরা মোটরসাইকেল ঠেলে শহরে বিক্ষোভ মিছিল করেন। পরে গাড়িখানা তেল পাম্পের সামনে মোটরসাইকেল রেখে সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে নেতৃত্ব দেন এনসিপির কেন্দ্রীয় সদস্য খালেদ সাইফুল্লাহ জুয়েল। এসময় উপস্থিত ছিলেন যুগ্ম সমন্বয়কারী মুনির আজাদ, যুবশক্তি ও ছাত্রশক্তির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশে খালেদ সাইফুল্লাহ জুয়েল বলেন, নির্বাচনের মাত্র ১০০ দিনের মধ্যেই সরকারের বিরুদ্ধে রাজপথে নামতে বাধ্য হয়েছি। জনগণ আশা করেছিল নতুন সরকার তাদের প্রত্যাশা পূরণ করবে। কিন্তু সরকার সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ করেন।
তিনি বলেন, এর আগে আন্তর্জাতিক পরিস্থিতি ও হরমুজ প্রণালীর সংকটের কারণে তেলের দাম বৃদ্ধির বিষয়টি মেনে নেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে পর্যাপ্ত মজুত থাকার পরও দাম বাড়ানোর কোনো যৌক্তিকতা নেই।
তিনি অভিযোগ করেন, সরকার সংস্কারের প্রতিশ্রুতি বাস্তবায়নে ব্যর্থ হয়েছে এবং ধারাবাহিকভাবে গণবিরোধী সিদ্ধান্ত নিচ্ছে। জ্বালানির দাম বৃদ্ধির ফলে ব্যবসায়ী ও সাধারণ মানুষ উভয়েই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। খেটে খাওয়া মানুষের জীবনযাত্রা দিন দিন আরও কঠিন হয়ে উঠছে। পরিস্থিতির পরিবর্তন না হলে প্রয়োজন হলে আবারও গণ-অভ্যুত্থানের ডাক দেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।
যুগ্ম সমন্বয়কারী মুনির আজাদ বলেন, রাতের অন্ধকারে তেলের দাম বাড়িয়ে সরকার অতীতের স্বৈরাচারী সরকারের মতো আচরণ করছে। বিশ্ববাজারের পরিস্থিতিকে অজুহাত হিসেবে ব্যবহার করে জনগণের ওপর বাড়তি চাপ সৃষ্টি করা হচ্ছে ।
জেলা যুবশক্তির মুখ্য সংগঠক সোহানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে যুবশক্তির কেন্দ্রীয় নেতা বায়োজিদ হোসেনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
মিলন রহমান/এএইচ/জেআইএম
Editor: TECHNO NEWS
Email :info@technoviable.com
Mobile : +8801914219906
৬২২, ফ্ল্যাট নং ১৩/বি, এভারগ্রীন মিজান স্কয়ার, বেগম রোকেয়া সরণি, ঢাকা-১২১৬, বাংলাদেশ।
Copyright TechnoNews 2025 | Developed By Technoviable