এবারের বিশ্বকাপে ভিসা বিতর্ক সবচেয়ে বেশি জোরালো হয়ে দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র এবং কানাডা ফুটবল সমর্থক, দর্শক তো দূরের কথা এমনকি বিশ্বকাপে অংশ নেওয়া ফুটবলারকে পর্যন্ত ভিসা দিচ্ছে না। ইরানকে নিয়ে ঝামেলা হয়েছে। এবার জানা গেলো, কানাডা ভিসা দেয়নি ঘানার এক ফুটবলারকে। যে কারণে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পানামার বিপক্ষে ওই ফুটবলারকে পাচ্ছে না ঘানা।
দলের অভিজ্ঞ মিডফিল্ডার থমাস পার্টে কানাডায় প্রবেশের অনুমতি পাননি। কানাডা কর্তৃপক্ষ তার ভিসা আবেদন নামঞ্জুর করেছে। যার ফলে পানামার বিপক্ষে প্রথম ম্যাচে খেলতে পারবেন না। মঙ্গলবার কানাডার একটি ফেডারেল হাইকোর্ট পার্টের ভিসা প্রত্যাখ্যানের বিরুদ্ধে করা আপিলও খারিজ করে দিয়েছে।
এর ফলে সাবেক আর্সেনাল তারকা দলের বাকি সদস্যদের সঙ্গে টরন্টোতে যেতে পারছেন না। বুধবার গ্রুপ ‘এল’-এর ম্যাচে পানামার বিপক্ষে মাঠে নামবে ঘানা, কিন্তু সেই ম্যাচে পার্টের অনুপস্থিতি দলটির জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
৩৩ বছর বয়সী এই মিডফিল্ডারের ভিসা জটিলতার পেছনে রয়েছে যুক্তরাজ্যে চলমান একটি ফৌজদারি মামলা। ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে চারজন নারীর অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে সাতটি ধর্ষণ এবং একটি যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়েছে। তবে পার্টে সব অভিযোগ অস্বীকার করেছেন এবং নিজেকে নির্দোষ দাবি করেছেন। এ বছরের শেষ দিকে মামলার বিচার শুরু হওয়ার কথা রয়েছে।
ঘানা সরকারের পক্ষ থেকেও পার্টের পক্ষে অবস্থান নেওয়া হয়েছিল। দেশটির সরকার কানাডার সিদ্ধান্তকে ‘অত্যন্ত কঠোর এবং অন্যায্য’ বলে উল্লেখ করে। তবে আদালতের সর্বশেষ রায়ের ফলে আপাতত কানাডায় প্রবেশের সব পথ বন্ধ হয়ে গেছে তার জন্য।
বিশ্বকাপের ঠিক আগ মুহূর্তে এমন পরিস্থিতি ঘানার কোচ কার্লোস কুইরোজের পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে। যদিও ঘানা দলের অভ্যন্তরীণ একটি সূত্র জানিয়েছে, ম্যাচের মাত্র একদিন আগে ইতিবাচক রায় এলেও তা প্রথম ম্যাচের কৌশলে খুব বেশি পরিবর্তন আনত না।
ইএসপিএনকে দেওয়া এক প্রতিক্রিয়ায় সূত্রটি জানায়, ‘কোচ আগেই ম্যাচের পরিকল্পনা চূড়ান্ত করে ফেলেছেন। পার্টে থাকুক বা না থাকুক, এই ম্যাচের প্রস্তুতিতে খুব বেশি পরিবর্তন আসত না।’ মঙ্গলবার সংবাদ সম্মেলনে কোচ কুইরোজও একই ধরনের মন্তব্য করেন।
তিনি বলেন, ‘আমার কাজ হলো হাতে থাকা খেলোয়াড়দের নিয়েই পরিকল্পনা করা। আমরা সিদ্ধান্তের অপেক্ষায় ছিলাম। এখন সিদ্ধান্ত এসেছে, আমরা প্রস্তুত। আমাদের পরিকল্পনা আছে এবং সেটিতে ২৬ জন খেলোয়াড়ই অন্তর্ভুক্ত।’
তবে প্রথম ম্যাচে অনুপস্থিত থাকলেও বিশ্বকাপের বাকি অংশে পার্টেকে পাওয়ার আশা ছাড়ছে না ঘানা। গ্রুপ পর্বে তাদের পরবর্তী দুটি ম্যাচ ইংল্যান্ড ও ক্রোয়েশিয়ার বিপক্ষে। ২৩ জুন বোস্টনে ইংল্যান্ড এবং ২৭ জুন ফিলাডেলফিয়ায় ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে চারবারের আফ্রিকান চ্যাম্পিয়নরা।
ঘানা যদি গ্রুপ ‘এল’-এ রানার্সআপ হয়ে নকআউট পর্বে ওঠে, তাহলে রাউন্ড অব ৩২-এর একটি ম্যাচ খেলতে আবারও কানাডায় ফিরতে হতে পারে। সেক্ষেত্রে পার্টের ভিসা সমস্যা নতুন করে আলোচনায় আসতে পারে।
আইএইচএস/
Editor: TECHNO NEWS
Email :info@technoviable.com
Mobile : +8801914219906
৬২২, ফ্ল্যাট নং ১৩/বি, এভারগ্রীন মিজান স্কয়ার, বেগম রোকেয়া সরণি, ঢাকা-১২১৬, বাংলাদেশ।
Copyright TechnoNews 2025 | Developed By Technoviable