ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মসজিদের টাকা দিয়ে কোরবানির ছুরি কেনাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন।
শুক্রবার (২৯ মে) দুপুরে উপজেলার বুড়িশ্বর ইউনিয়নের ইছাপুর বাইতুন নুর জামে মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের দিনে কোরবানির জন্য মসজিদের টাকায় সফিল উদ্দিন একটি ছুরি কিনে ইমামকে দেন। তবে বিষয়টি অনেকেই অবগত ছিলেন না। শুক্রবার জুমার নামাজের সময় এই ছুরি কেনার বিষয় নিয়ে গ্রামের আজিম উদ্দিন গ্রামবাসীকে মসজিদে অবগত করেন। এ নিয়ে সফিল ও আজিম উদ্দিনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিষয়টি নিয়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় দুই পক্ষের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে।
সংঘর্ষে সফিল পক্ষের রহিমা বেগম, শরিফ, শিমুল আক্তার ও নিজাম আলম আহত হন। অন্যদিকে আজিম উদ্দিন পক্ষের যদু মিয়া ও হুমায়ুন কবির আহত হয়েছেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে গুরুতর আহত যদু মিয়াকে উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে পাঠানো হয়।
নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় শান্ত পরিবেশ বিরাজ করছে।
আবুল হাসনাত মো. রাফি/এসআর/এমএস
Editor: TECHNO NEWS
Email :info@technoviable.com
Mobile : +8801914219906
৬২২, ফ্ল্যাট নং ১৩/বি, এভারগ্রীন মিজান স্কয়ার, বেগম রোকেয়া সরণি, ঢাকা-১২১৬, বাংলাদেশ।
Copyright TechnoNews 2025 | Developed By Technoviable