দিনভর নাটক আর নানা জল্পনার পর মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের নির্বাচনে সভাপতি পদে মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন দুজন। জয়নুল আবদিন ফারুক ও সাজেদ এএ আদেল এ পদ থেকে সরে গেলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচনের পথে বিএনপি নেতা বরকত উল্লাহ বুলু। আগামী ৯ মার্চ অনুষ্ঠিতব্য নির্বাচনে সভাপতি পদে ভোট না হলেও তীব্র প্রতিদ্বন্দ্বিতা হওয়ার সম্ভাবনা পরিচালক পদে।
বৃহস্পতিবার ছিল মনোয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিজে বা প্রতিনিধির মাধ্যমে মনোনয়নপত্র প্রত্যাহারের সময় বেঁধে দিয়েছিল নির্বাচন কমিশন। জয়নুল আবদিন ফারুক প্রতিনিধির মাধ্যমে সভাপতি ও পরিচালক পদে পেশ করা দুটি মনোয়নপত্রই প্রত্যাহার করে নিয়েছেন। সাজেদ এএ আদেল সভাপতির পাশাপাশি পরিচালক পদেও মনোয়নয়নপত্র জমা দিয়েছিলেন। তিনি পরিচালক পদের মনোয়নপত্র রেখে সভাপতির মনোয়নপত্র প্রত্যাহার করেছেন।
মোস্তফা কামাল ও মাহমুদ হাসান খান পরিচালক পদে জমা দেওয়া মনোনয়নপত্র প্রত্যাহের আবেদন করেছেন নির্বাচন কমিশনে। তবে তাদের সেই আবেদনে ত্রুটি আছে বলে কমিশন পরে সিদ্ধান্ত জানাবে। যদি এই দুইজনের মনোয়নপত্র প্রত্যাহারের আবেদন গৃহীত না হয় তাহলে পরিচালকের ১৬ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতায় থাকবেন ২৮ জন। শুক্রবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
মোহামেডান লিমিটেড কোম্পানি হওয়ার পর বরকত উল্লাহ বুলু হতে যাচ্ছেন পঞ্চম সভাপতি। ২০১১ সালে প্রথম সভাপতি হয়েছিলেন কুতুব উদ্দিন আহমেদ। এর পর মোহাম্মদ ওবায়দুল করিম, অ্যাডভোকেট এ এম আমিন উদ্দিন দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন জেনারেল মোহাম্মদ আব্দুল মুবীন (অব.)। আগামী ৯ মার্চ মোহাম্মদ আব্দুল মুবীনের স্থলাভিষিক্ত হবেন বরকত উল্লাহ বুলু।
আরআই/আইএন
Editor: TECHNO NEWS
Email :info@technoviable.com
Mobile : +8801914219906
৬২২, ফ্ল্যাট নং ১৩/বি, এভারগ্রীন মিজান স্কয়ার, বেগম রোকেয়া সরণি, ঢাকা-১২১৬, বাংলাদেশ।
Copyright TechnoNews 2025 | Developed By Technoviable