বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ৫৬৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগে করা মামলায় আত্মসমর্পণ করে জামিন পাওয়া আইজিডব্লিউ অপারেটরস ফোরামের (আইওএফ) ১২ জন সদস্যের জামিন বাতিল করেছেন আদালত।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী।
রাষ্ট্রপক্ষ জানায়, গত ২৭ অক্টোবর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমানের আদালত আসামিদের জামিন মঞ্জুর করেছিলেন। পরে রাষ্ট্রপক্ষ জামিন বাতিল চেয়ে দায়রা জজ আদালতে রিভিশন আবেদন করলে আজ তা মঞ্জুর হয়। এতে আসামিদের গ্রেফতারে আর কোনো বাধা থাকলো না।
জামিন বাতিল হওয়া আসামিরা হলেন আইওএফ নির্বাহী কমিটির সদস্য সৈয়দ মঈনুল হক, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আব্দুল হান্নান, আশিক আহমেদ, গাজী মো. সালাহউদ্দিন, হাফিজুর রহমান, খালিদ ইসলাম, মো. মাহতাবুল আমিন, সোহেল শরীফ, তাজিন আলম, নাদির শাহ কোরেশী, মীর নাসির হোসেন ও সিসিও মুসফিক মনজুর।
এই মামলায় সালমান এফ রহমান, তার ছেলে আহমেদ সোহেল ফসিহুর রহমান, সায়ান এফ রহমানসহ মোট ২৭ জন এজাহারনামীয় আসামি রয়েছেন।
গত ১৮ সেপ্টেম্বর বিটিআরসির সিনিয়র সহকারী পরিচালক তৌফিকুল ইসলাম গুলশান থানায় মামলাটি করেন।
মামলায় অভিযোগ করা হয়, আইওএফ গঠনের পর প্রতিষ্ঠানগুলো চুক্তি ও লাইসেন্সের শর্ত ভঙ্গ করে প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ আত্মসাৎ করে। নেটওয়ার্ক উন্নয়নের নামে আদায় করা মার্কেট ডেভেলপমেন্ট ফান্ডের অর্থ আত্মসাতের ঘটনায় সংগঠনের নির্বাহী কমিটির সদস্যরা জড়িত ছিলেন।
অভিযোগে আরও বলা হয়, সালমান এফ রহমানের নির্দেশে প্রতি মাসে আইজিডব্লিউ অপারেটরদের বেক্সিমকো কম্পিউটারস লিমিটেডে বিপুল অঙ্কের অর্থ জমা দিতে হতো, অথচ প্রতিষ্ঠানটির আইজিডব্লিউ পরিচালনার কোনো লাইসেন্স ছিল না।
এমডিএএ/এমএমকে
Editor: TECHNO NEWS
Email :info@technoviable.com
Mobile : +8801914219906
৬২২, ফ্ল্যাট নং ১৩/বি, এভারগ্রীন মিজান স্কয়ার, বেগম রোকেয়া সরণি, ঢাকা-১২১৬, বাংলাদেশ।
Copyright TechnoNews 2025 | Developed By Technoviable