পর্তুগালের প্রধান কোচ রবার্তো মার্তিনেজ জানিয়েছেন, তার দলের পুরো মনোযোগ এখন গ্রুপ ‘কে’ গ্রুপের শেষ ম্যাচে কলম্বিয়াকে হারানোর দিকে। সম্ভাব্য নকআউট প্রতিপক্ষ নিয়ে তারা একেবারেই ভাবছেন না।
প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই শেষ-৩২ নিশ্চিত করেছে কলম্বিয়া। তারা গ্রুপ ‘কে’-এর শীর্ষে রয়েছে। দ্বিতীয় স্থানে থাকা পর্তুগালের চেয়ে দুই পয়েন্ট এগিয়ে থেকে তারা মিয়ামিতে অনুষ্ঠিতব্য ম্যাচে খেলতে নামবে।
গ্রুপ চ্যাম্পিয়ন দল শেষ ৩২-এ মুখোমুখি হবে যে কোনো একটি সেরা তৃতীয় স্থানধারী দলের। অন্যদিকে রানার্সআপ দল খেলবে গ্রুপ ‘এল’-এর দ্বিতীয় স্থানে থাকা দলের বিপক্ষে, যেখানে বর্তমানে রয়েছে ঘানা। তবে ঘানার সাথে জিতলে শেষ ষোলোতে স্পেনের মুখোমুখি হতে পারে গ্রুপ ‘কে’-তে দ্বিতীয় স্থানে থাকা দলকে।
শুক্রবার সংবাদ সম্মেলনে মার্তিনেজ বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু ম্যাচটি জয়, পরের প্রতিপক্ষ নিয়ে ভাবা নয়। টুর্নামেন্টে ভালো করতে চাইলে যেই সামনে আসুক, তাকেই হারাতে হবে।’
তিনি আরও বলেন, ‘বিশ্বকাপের মতো টুর্নামেন্টে এগিয়ে যাওয়ার জন্য কোনো নির্দিষ্ট পথ নেই। গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজের সেরা ফুটবল খেলা, আর সেটা সম্ভব কেবল জয় দিয়েই।’
শিরোপার অন্যতম দাবিদার হিসেবে বিশ্বকাপ শুরু করলেও পর্তুগালের যাত্রা ছিল হতাশাজনক। উদ্বোধনী ম্যাচে কঙ্গোর সঙ্গে ১-১ গোলে ড্র করে তারা।তবে অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদোর নেতৃত্বে দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে দারুণভাবে ঘুরে দাঁড়ায় পর্তুগাল। দক্ষিণ আমেরিকার শক্তিশালী দল কলম্বিয়ার বিপক্ষে ম্যাচটিকে নিজেদের সামর্থ্য যাচাইয়ের বড় পরীক্ষা হিসেবে দেখছেন মার্তিনেজ।
তিনি বলেন, ‘দ্বিতীয় ম্যাচে আমরা যা করেছি, সেটার ধারাবাহিকতা ধরে রাখতে চাই। যেসব জায়গায় উন্নতির সুযোগ আছে, সেগুলোতেও আরও ভালো করতে চাই। আগামীকালের ম্যাচটি আমাদের মান যাচাইয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা জিততে চাই এবং আমাদের কাজের ধারাবাহিকতা বজায় রাখতে চাই।’
মার্তিনেজের মতে, ‘দল এখন খুব ভালো ভারসাম্য খুঁজে পেয়েছে। দ্বিতীয় ম্যাচের পারফরম্যান্স আমাদের আত্মবিশ্বাস বাড়িয়েছে। আমরা এমন দল নই, যারা নিজেদের শক্তি হারায়; বরং প্রতিটি ম্যাচে আরও উন্নতি করি। আমাদের গুণগত মান দেখাতে হবে এবং আবারও সত্যিকারের পর্তুগাল হয়ে উঠতে হবে।’
২০২৪ কোপা আমেরিকার রানার্সআপ কলম্বিয়ারও প্রশংসা করেছেন পর্তুগাল কোচ। তিনি বলেন, ‘কলম্বিয়া একটি পরিপূর্ণ দল। তারা নিজেদের পরিকল্পনার ওপর ভীষণ বিশ্বাস রাখে। কোচের দর্শনে ধারাবাহিকতা ও স্পষ্টতা রয়েছে। বিষয়টি শুধু মাঠে কারা খেলছে, তা নয়; পুরো দলের খেলার ধরনই তাদের শক্তি। মিডফিল্ডে হুয়ান ফার্নান্দো কুইন্তেরো ও জেমস রদ্রিগেসের মতো সৃজনশীল ফুটবলার আছে। আবার দ্রুত আক্রমণে লুইস দিয়াজ ও লুইস সুয়ারেজের মতো গুরুত্বপূর্ণ খেলোয়াড়ও রয়েছে।’
বাংলাদেশ সময় অনুযায়ী ২৮ জুন ভোর ৫টা ৩০ মিনিটে ফ্লোরিডার মিয়ামি গার্ডেনসে মুখোমুখি হবে কলম্বিয়া ও পর্তুগাল।
আরএএইচইউএল/আইএইচএস/
Editor: TECHNO NEWS
Email :info@technoviable.com
Mobile : +8801914219906
৬২২, ফ্ল্যাট নং ১৩/বি, এভারগ্রীন মিজান স্কয়ার, বেগম রোকেয়া সরণি, ঢাকা-১২১৬, বাংলাদেশ।
Copyright TechnoNews 2025 | Developed By Technoviable