শিক্ষার্থীদের দাবির মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থি ডিনদের সঙ্গে বৈঠক করেছেন উপাচার্য সালেহ্ হাসান নকীব। পরিস্থিতি বিবেচনায় বৈঠকে ডিনরা রুটিন দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে আবেদনপত্র জমা দিয়েছেন। তবে অপসারণের বিষয়ে সিদ্ধান্ত জানাননি উপাচার্য। সোমবার (২২ ডিসেম্বর) সকালে এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
রোববার রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এস এম একরাম উল্ল্যাহ জাগো নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার জাগো নিউজকে বলেন, ‘ডিনরা দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করেছেন। উপাচার্য এখনও সিদ্ধান্ত জানাননি। কাল (সোমবার) সকালে সিদ্ধান্ত জানানো হবে।’
বৈঠকের বিষয়ে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক এস এম একরাম উল্ল্যাহ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনে সন্ধ্যা সাড়ে সাতটায় ডিনদের বৈঠক অনুষ্ঠিত হয়। সবাই আমরা ৬ জন ডিন দায়িত্ব পালনে অপারগতা প্রকাশ করে পৃথক পৃথকভাবে আবেদনপত্র জমা দিয়েছি। তবে উপাচার্য তার সিদ্ধান্ত জানাননি।’
এদিকে এদিন দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থি ৬ ডিনের পদত্যাগের দাবিতে উপাচার্য, সহ-উপাচার্য, প্রক্টর, রেজিস্ট্রারসহ প্রশাসন ভবনের সব দপ্তরের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন একদল শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনে থাকা এসব কার্যালয়ে তারা তালা ঝুলিয়ে দেন। পরে বিকেল সাড়ে তিনটার দিকে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনায় বসেন শিক্ষার্থীরা। সেখানে ডিনদের অপসারণের বিষয়ে আশ্বাস দেওয়া হলে বিকেল সাড়ে ৪টায় কার্যালয়গুলোর তালা খুলে দেওয়া হয়। এ ব্যাপারে সন্ধ্যায় ডিনদের সঙ্গে জরুরি বৈঠকে বসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সভা থেকে অপসারণের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানানো হয়।
এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের ছয়টি অনুষদের আওয়ামী লীগপন্থি ডিনদের পদত্যাগের দাবিতে কর্মসূচি পালন করেন রাকসুর জিএস সালাহউদ্দিন আম্মার। সকালে তিনি রাকসু ভবনের সামনে অবস্থান নেন। ছয় ডিনের কেউ ক্যাম্পাসে না থাকায় গণমাধ্যমকর্মীদের সামনে একে একে তাদের সবাইকে কল করেন সালাহউদ্দিন আম্মার। একইসঙ্গে তাদের উদ্দেশ্যে লেখা পদত্যাগপত্রও প্রকাশ করেন। এছাড়া সাবেক উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার ক্লাস নিচ্ছেন জানতে পেরে তার বিভাগেও যান তিনি।
তবে তাকে না পেয়ে দুপুরে শিক্ষার্থীরা ডিনস কমপ্লেক্স ভবনের তিনজন ডিনের কার্যালয়ে তালা ঝুলিয়ে দেন। তারা হলেন- আইন অনুষদের অধ্যাপক আবু নাসের মো. ওয়াহিদ, ব্যবসায় শিক্ষা অনুষদের অধ্যাপক এ এস এম কামরুজ্জামান এবং সামাজিক বিজ্ঞান অনুষদের অধ্যাপক এস এম এক্রাম উল্ল্যাহ।
আওয়ামীপন্থি অন্য তিন ডিন হলেন- বিজ্ঞান অনুষদের নাসিমা আখতার, প্রকৌশল অনুষদের বিমল কুমার প্রামাণিক এবং ভূবিজ্ঞান অনুষদের এ এইচ এম সেলিম রেজা।
আওয়ামীপন্থি ছয়জন ডিনের নির্ধারিত মেয়াদ গত ১৭ ডিসেম্বর শেষ হয়েছে। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। দুপুরে প্রশাসন ভবনে তালা দেওয়ার পর বিকেল সাড়ে ৩টায় শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেন সহ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন ও অধ্যাপক ফরিদ উদ্দিন, প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ইফতিখারুল ইসলাম মাসঊদ ও জনসংযোগ প্রশাসক অধ্যাপক আখতার হোসেন মজুমদার।
এসময় শিক্ষার্থীদের পক্ষ বৈঠকে কথা বলেন রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাহউদ্দিন আম্মার, সিনেট সদস্য আকিল বিন তালেব, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি মুজাহিদ ফয়সাল ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রপক্ষের আহ্বায়ক মো. গোলাম মোস্তফা, ইরফরমেশন সায়েন্স ও লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী অনিক হাসান আলভী প্রমুখ।
মনির হোসেন মাহিন/এফএ/এমএস
Editor: TECHNO NEWS
Email :info@technoviable.com
Mobile : +8801914219906
৬২২, ফ্ল্যাট নং ১৩/বি, এভারগ্রীন মিজান স্কয়ার, বেগম রোকেয়া সরণি, ঢাকা-১২১৬, বাংলাদেশ।
Copyright TechnoNews 2025 | Developed By Technoviable