দেশে চলমান তেল সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং রাজনৈতিক সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মঞ্চ-২৪। শুক্রবার (২৪ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যানটিনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনটি এ উদ্বেগ জানায়।
সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক ফাহিম ফারুকী বলেন, বর্তমান তেল সংকট দেশের জনজীবনে চরম ভোগান্তি সৃষ্টি করেছে। এর ফলে পরিবহন ব্যয় বৃদ্ধি, দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, বিদ্যুৎ সংকট এবং শিল্প উৎপাদনে স্থবিরতা দেখা দিয়েছে। তিনি এ সংকটকে শুধু অর্থনৈতিক নয়, কূটনৈতিক ব্যর্থতার ফল বলেও উল্লেখ করেন।
তিনি বলেন, অতীতে ইরানের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক থাকলেও সাম্প্রতিক কূটনৈতিক অবস্থানের কারণে সেই সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়েছে, যার প্রভাব জ্বালানি নিরাপত্তায় পড়েছে।
সংগঠনটি সরকারের কাছে কয়েকটি দাবি তুলে ধরে। দাবিগুলোর মধ্যে রয়েছে—তেলের কৃত্রিম সংকট রোধে কঠোর নজরদারি, অবৈধ সিন্ডিকেট ভেঙে বাজার নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা, দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা এবং বিদ্যুৎ সংকট নিরসনে জরুরি ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ। একই সঙ্গে সরকারের সব পদক্ষেপে স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে সরকারের সমালোচকদের বিরুদ্ধে নিপীড়ন, গ্রেফতার ও সহিংসতার অভিযোগ তুলে নাছিম নামের এক অ্যাক্টিভিস্টকে গ্রেফতারের নিন্দা জানানো হয় এবং তার অবিলম্বে মুক্তি দাবি করা হয়।
ফাহিম বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে বাকস্বাধীনতা মৌলিক অধিকার এবং ভিন্নমতের প্রতি সহনশীলতা জরুরি।তিনি অভিযোগ করেন, কিছু রাজনৈতিক মহল নিষিদ্ধ ও বিতর্কিত সংগঠনকে পুনরায় রাজনীতিতে ফিরিয়ে আনার চেষ্টা করছে, যা দেশের গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।
এ ছাড়া সাম্প্রতিক রাজনৈতিক সহিংসতার ঘটনাগুলোরও নিন্দা জানানো হয় সংবাদ সম্মেলনে। বিশেষ করে ডাকসু নেতা এ বি জুবায়ের ও মোসাদ্দেকের ওপর হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। একই সঙ্গে চট্টগ্রামে সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে দেশে সন্ত্রাস ও সহিংসতার রাজনীতি বন্ধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ফাহিম ফারুকী।
সংবাদ সম্মেলনে সংগঠনের কেন্দ্রীয় সংগঠক ইসরাত অর্পিতা, আসিফ আদনান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ওমর ফারুক, ঢাকা উত্তরের সেক্রেটারি তাফহিমুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এফএআর/এমএমকে
Editor: TECHNO NEWS
Email :info@technoviable.com
Mobile : +8801914219906
৬২২, ফ্ল্যাট নং ১৩/বি, এভারগ্রীন মিজান স্কয়ার, বেগম রোকেয়া সরণি, ঢাকা-১২১৬, বাংলাদেশ।
Copyright TechnoNews 2025 | Developed By Technoviable