সাদা বলের সিরিজ খেলতে আগামীকাল (সোমবার) বাংলাদেশে পৌঁছাবে নিউজিল্যান্ড ক্রিকেট দল। এ সিরিজকে সামনে রেখে ইতোমধ্যে দল ঘোষণা করেছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড- দু’দলই। বেশ কয়েকজন তারকাকে ছাড়াই বাংলাদেশে আসছে কিউইরা। তবে এরপরও নিউজিল্যান্ডকে সহজ প্রতিপক্ষ হিসেবে দেখছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সদস্য মিনহাজুল আবেদিন নান্নু।
রোববার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নান্নু বলেন, ‘আমার মনে হয় ওটাকে (নিউজিল্যান্ড স্কোয়াডে একাধিক বড় তারকা না থাকা) হালকা করে নিলে কিন্তু আমাদের আবার বিপদে পড়তে পারি। আমাদের সেরাটা সঠিক সময়ে দিতে হবে এবং এই সিরিজটা থেকে অবশ্যই আমরা কিছু ইতিবাচক পারফরম্যান্স চাই যেটা আগামী সিরিজে কাজে লাগবে।’
নিউজিল্যান্ড সবসময়ই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দল বলেও মনে করিয়ে দেন সাবেক এই নির্বাচক। তিনি বলেন, ‘নিউজিল্যান্ড যথেষ্ট ভালো দল এবং সব ফরম্যাটের খেলাতেই কিন্তু একটা চ্যালেঞ্জ সবসময় যে কোনো দেশকে দেয়। সেই হিসেবে নিউজিল্যান্ড সিরিজটা ওতো হালকাভাবে নেওয়াটা যাবে না কারণ যেহেতু আমাদের ঘরের মাঠে খেলা আমাদের পয়েন্টগুলো খুব দরকার আছে।’
এ সময় নতুন ক্রিকেটারদের সুযোগ দেওয়ার বিষয়েও নিজের অবস্থান পরিষ্কার করেন নান্নু। তার মতে, আন্তর্জাতিক ক্রিকেটে কাউকে বিচার করতে হলে পর্যাপ্ত সময় দিতে হবে। তিনি বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে আপনি ওই খেলোয়াড়কে অন্তত পাঁচটা থেকে ছয়টা ইনিংস তো দেখতে হবে যে ওই খেলোয়াড়টা কেমন করে। তারপর স্থায়ী হওয়ার প্রশ্নটা আসে। এখানে ধাপে ধাপে আপনাকে ওভাবে চিন্তা করে এগোতে হয়। একটা খেলোয়াড়কে ওভাবে চিন্তা করা হয় না যে আপনি নিয়েই শুরু থেকে আপনার টপ অর্ডারে দিয়ে দিলেন তারপর আপনার চারটা বা পাঁচটা ইনিংসে কোনো ফলাফল হলো না ওকে বাদ দিলেন। এভাবে চিন্তাভাবনাটা করলে ঐ খেলোয়াড় থেকে কিছু পাওয়া যায় না।’
দলের গঠন নিয়েও নিজের মতামত তুলে ধরেন তিনি। নান্নু বলেন, ‘এখানে দীর্ঘদিন ধরেই আমাদের ওপেনার এটা নিয়ে সমস্যা হচ্ছিল এবং মিডল অর্ডারে এখন যেটা সমস্যা হচ্ছে। আমার মনে হয় একটা পুরোপুরি তৈরি দল কিন্তু ওভাবে তৈরি হয় না। এটাকে কিন্তু আস্তে আস্তে উন্নত করতে হয়। টিম ম্যানেজমেন্ট যারা আছে এদেরও দায়িত্ব আছে কোন জায়গায় কমতি আছে এগুলোকে কিন্তু ঠিক ভালোমতো কাজ করে কিন্তু খেলোয়াড়দেরকে তৈরি করা।’
এসকেডি/আইএইচএস
Editor: TECHNO NEWS
Email :info@technoviable.com
Mobile : +8801914219906
৬২২, ফ্ল্যাট নং ১৩/বি, এভারগ্রীন মিজান স্কয়ার, বেগম রোকেয়া সরণি, ঢাকা-১২১৬, বাংলাদেশ।
Copyright TechnoNews 2025 | Developed By Technoviable