ইংল্যান্ডের প্রধান কোচ থমাস টুখেলের অভিযোগের পর বিশ্বকাপ ম্যাচে জাতীয় সঙ্গীত চলাকালীন ফটোগ্রাফারদের অবস্থান সংক্রান্ত নীতিতে পরিবর্তন এনেছে ফিফা। ইএসপিএনকে একাধিক সূত্র এ তথ্য জানিয়েছে।
বুধবার ডালাসে ক্রোয়েশিয়ার বিপক্ষে ইংল্যান্ডের ৪-২ গোলের জয়ের ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীত ‘গড সেভ দ্য কিং’ গাওয়ার সময় নিজ দলের খেলোয়াড়দের দেখতে না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেন টুখেল।
শুধু টুখেলই নন, বিশ্বকাপের প্রথম রাউন্ডের ম্যাচগুলো থেকে পাওয়া বিভিন্ন প্রতিক্রিয়া বিবেচনায় নিয়ে ফিফা নতুন ব্যবস্থা চালু করেছে। নতুন নিয়ম অনুযায়ী, ফটোগ্রাফারদের আরও কাছাকাছি একটি নির্দিষ্ট স্থানে রাখা হবে এবং কোচদের একপাশে দাঁড়ানোর সুযোগ দেওয়া হবে।
৫২ বছর বয়সী টুখেল এর আগে কখনও বিশ্বকাপে কোচিং করাননি। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমি ফিফার কাছে অনুরোধ করছি জাতীয় সঙ্গীতের সময় ফটোগ্রাফারদের অবস্থান পরিবর্তন করতে, কারণ আমি আমার দলকে দেখতে পাইনি।’
তিনি আরও বলেন, ‘আমি এই মুহূর্তটির জন্য অপেক্ষা করছিলাম। আজকের দিনটি আমার জন্য খুবই বিশেষ ছিল; কিন্তু আমি প্রায় ৫০ জন ফটোগ্রাফারের একটা দেয়ালের সামনে দাঁড়িয়ে ছিলাম, যারা আমার থেকে মাত্র আধা মিটার দূরে ছিল। আমি একজন খেলোয়াড়কেও দেখতে পাইনি। এতে আমার অভিজ্ঞতাটা কিছুটা নষ্ট হয়েছে।’
টুখেল যোগ করেন, ‘এটি খুবই আবেগঘণ মুহূর্ত। আমি যখন তরুণ ছিলাম এবং কোচিং শুরু করেছিলাম, তখন এমন একটি মঞ্চে দাঁড়ানোর কথা স্বপ্নেও ভাবিনি।’
সূত্রগুলো ইএসপিএনকে জানিয়েছে, ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়াম একটি বিশেষ পরিস্থিতি তৈরি করেছিল। বিশ্বকাপের জন্য ফিফার শর্ত পূরণ করতে স্টেডিয়ামের মাঠ ১.২ মিটার উঁচু করা হয়েছিল, যার ফলে ডাগআউটের আশপাশে জায়গা আরও সীমিত হয়ে যায়।
নতুন নীতির প্রয়োগ বৃহস্পতিবার চেকিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ১-১ গোলের ড্র ম্যাচেই দেখা গেছে, যেখানে জাতীয় সঙ্গীতের সময় ফটোগ্রাফারদের অবস্থান আগের তুলনায় পরিবর্তিত ছিল।
এমএআর/আইএইচএস/
Editor: TECHNO NEWS
Email :info@technoviable.com
Mobile : +8801914219906
৬২২, ফ্ল্যাট নং ১৩/বি, এভারগ্রীন মিজান স্কয়ার, বেগম রোকেয়া সরণি, ঢাকা-১২১৬, বাংলাদেশ।
Copyright TechnoNews 2025 | Developed By Technoviable