গাজীপুরের টঙ্গীতে সশস্ত্র মোটরসাইকেল মহড়া, চাঁদাবাজি ও ঝুট ব্যবসা দখল চেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় আরও আটজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে গত দুই দিনে এ মামলায় মোট ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।
বুধবার (১ জুলাই) দিনগত রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
সর্বশেষ গ্রেফতার হওয়া ব্যক্তিরা হলেন- রিয়াজন ওরফে রাজন (৩০), জাহাঙ্গীর শেখ ওরফে জমির (২৭), জহির (৩৩), বায়েজিদ (২৯), রাজিব হাসান (২৯), হোসাইন (৩৪), রাসেল ওরফে খাবরী (২৮) এবং সাগর ওরফে নয়ন (২০)। এর আগে মঙ্গলবার রাতে মনোয়ার হোসেন (২৮), তৌহিদুল সজীব (৩৫) ও রনি খাঁ (৩৯) নামে আরও তিনজনকে গ্রেফতার করা হয়।
মামলার বাদী ব্যবসায়ী নুরুজ্জামান টঙ্গী পূর্ব থানা যুবদলের সদস্য সচিব নাজমুল হোসেন মণ্ডলসহ ১৯ জনের নাম উল্লেখ করে মামলা করেন। এছাড়া অজ্ঞাতপরিচয়ে আরও ৭০ থেকে ৮০ জনকে আসামি করা হয়েছে।
এজাহারে বলা হয়, নুরুজ্জামান দীর্ঘদিন ধরে টঙ্গী এলাকায় বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠানের বর্জিত মালামাল (ঝুট) ব্যবসা পরিচালনা করে আসছেন। গত ২৭ জুন নাজমুল হোসেন মণ্ডলের নেতৃত্বে একটি চক্র তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে পরদিন ২৮ জুন শতাধিক মোটরসাইকেল নিয়ে সশস্ত্র মহড়া দিয়ে তার ব্যবসা দখলের চেষ্টা করা হয়।
এজাহারে আরও উল্লেখ করা হয়েছে, মহড়ার একপর্যায়ে অভিযুক্তরা একটি কারখানায় প্রবেশ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নুরুজ্জামানের কাছে বর্জিত মালামাল বিক্রি না করার জন্য ভয়ভীতি ও হুমকি দেয়। পরে তারা ঘটনাস্থল ত্যাগ করলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ইতোমধ্যে মামলার ১১ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। মামলার বাকি আসামিদের শনাক্ত ও গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
কেএইচকে/জেআইএম
Editor: TECHNO NEWS
Email :info@technoviable.com
Mobile : +8801914219906
৬২২, ফ্ল্যাট নং ১৩/বি, এভারগ্রীন মিজান স্কয়ার, বেগম রোকেয়া সরণি, ঢাকা-১২১৬, বাংলাদেশ।
Copyright TechnoNews 2025 | Developed By Technoviable