এমফিল ও পিএইচডি গবেষণায় শিক্ষকদের আর্থিক সহায়তা দ্বিগুণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজ শিক্ষকদের মানসম্পন্ন প্রকাশনা ও বই প্রকাশ করতে আর্থিকসহ প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ।
রোববার (১৪ জুন) জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত গবেষণা কর্মশালার উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল-আইকিউএসি ‘মেথোডোলজি, রাইটিং, পাবলিকেশন অ্যান্ড কোয়ালিটি ইম্প্রুভমেন্ট’ শীর্ষক এ গবেষণা কমর্শালা আয়োজন করে। দিনব্যাপী কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, এমফিল ও পিএইচডি গবেষকরা অংশ নেন।
মানসম্পন্ন গবেষণা ও গবেষণাপত্র প্রস্তুতের নানা কৌশল তুলে ধরে অধ্যাপক আমানুল্লাহ বলেন, প্রকাশনার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান সবার নিচে। জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রতি মাসে অন্তত দুটি গবেষণা কর্মশালা আয়োজন করা প্রয়োজন।
আইকিউএসির ভারপ্রাপ্ত পরিচালক ড. মোহাম্মদ আব্দুর রহমানের সভাপতিত্বে কর্মশালার উদ্বোধনী পর্বে বিশেষ অতিথি ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মো. লুৎফর রহমান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এ টি এম জাফরুল আযম।
গবেষণা কর্মশালায় মূল বক্তা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ আই মাহবুব উদ্দিন আহমেদ ও বাংলাদেশ ইনস্টিটিউট অব সোশ্যাল রিসার্চ-বিআইএসআর ট্রাস্টের চেয়ারম্যান ড. এম খুরশেদ আলম। উদ্বোধনী পর্বে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, বিভিন্ন অনুষদের ডিন ও বিভিন্ন দপ্তরের পরিচালকরা উপস্থিত ছিলেন।
এএএইচ/ইএ
Editor: TECHNO NEWS
Email :info@technoviable.com
Mobile : +8801914219906
৬২২, ফ্ল্যাট নং ১৩/বি, এভারগ্রীন মিজান স্কয়ার, বেগম রোকেয়া সরণি, ঢাকা-১২১৬, বাংলাদেশ।
Copyright TechnoNews 2025 | Developed By Technoviable