জাতীয় দলের প্রধান কোচ নিয়োগ বিলম্বিত হওয়ায় কিছু গণমাধ্যম বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সমালোচনা করছেন। সেই সমালোচনায় নাকি তার পরিবারকেও টেনে আনা হচ্ছে-এমন অভিযোগ সোমবার করেছেন বাফুফে সভাপতি।
ফেডারেশন কাপ ফুটবলের ফাইনাল নিয়ে তৈরি হওয়া জটিলতা দূর করতে বাফুফে সভাপতি সোমবার বিকেলে আলোচনায় বসেছিলেন ফাইনালে ওঠা দুই ক্লাব মোহামেডান ও বসুন্ধরা কিংসের প্রতিনিধিদের সাথে। ওই আলোচনার পর তাবিথ আউয়াল গণমাধ্যমে ব্রিফ করার সময় উঠেছিল এ সময়ের ফুটবলের সবচেয়ে আলোচিত ইস্যু কোচ নিয়োগের বিষয়টি।
বাফুফে সভাপতি এর আগে বলেছিলেন, ১৫ মে নতুন কোচের নাম ঘোষণা করবেন। তবে কেটে গেছে আরো চারদিন। বাফুফে এখনো কোচ নিয়োগের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্তে আসতে পারেনি; এমনকি উচ্চ পরিশ্রমিকের কোচ নিয়োগ দিলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আর্থিক সহযোগিতা করবে সেই নিশ্চয়তা পাওয়ার পরও। এসব বিষয় নিয়ে অনেক কথা বলতে গিয়ে প্রকাশিত কিছু সংবাদ নিয়ে কষ্টের কথাও বলেছেন সাবেক এই ফুটবলার।
কোচ নিয়োগ বিষয়ে কথা বলতে গিয়ে তাবিথ আউয়াল বলেন, ‘প্রথমে আমি একটু ব্যক্তিগত কথা বলতে চাই। তারপর অফিসিয়াল কথাতে কিছু তথ্য আপনাদেরকে দিতে চাই। আমি আপনাদের পেশার ওপরে সবসময় শ্রদ্ধাশীল থাকি এবং ভবিষ্যতেও থাকবো। কিন্তু অতীতে আমি দেখেছি দুই-একটা চ্যানেল, অনলাইন কয়েকটি পত্রিকা আমাকে নিয়ে কিছু মন্তব্য করেছেন। এই ধরনের কোনো মন্তব্যে আমার সমস্যা নাই। কিন্তু যখন আপনারা আমার পরিবারকে টানেন বা পরিবারের ব্যাপারে কথা বলেন, আমি আপনাদেরকে অনুরোধ করবো যে, নিজেদের ব্যাপারে আগে চিন্তা করেন। আপনাদেরও তো পরিবার আছে, আপনাদের পরিবারে অনেক প্রায়োরিটিজ থাকতে পারে।’
বাফুফে সভাপতি পরিষ্কার করে বলেছেন, ‘আমার দিক থেকে আই অ্যাম ভেরি ক্লিয়ার যে, আমার লাইফের প্রায়োরিটি আমার ফ্যামিলি। তো সেটার সাথে কারো কম্পেয়ার করা উচিত হবে না, ঠিক হবে না। আপনারা জানেন, আমি ব্যক্তিগতভাবে দীর্ঘদিন একটা পলিটিক্যাল ভিকটিমাইজড সাপ্রেশনের মাধ্যমে আমি এসেছি। যেখানে আমার পরিবারও ভিকটিম হয়েছিল আমার সাথে সাথে। আমার ওপরে একটা হামলাও হয়েছিল এক সময়। তো যখন এরকম একটা ট্রমাটিক এক্সপেরিয়েন্স থেকে কেউ আসে, তখন আবার আপনারা তাদেরকে টানেন, এটা আমার জন্য খুবই দুঃখজনক, কষ্টদায়ক এবং আমার ফ্যামিলির জন্য ইটস আনফেয়ার। তাই আমি রিকোয়েস্ট করি, আপনাদের মধ্যে যারা করেছেন, তাদেরকে ভবিষ্যতে এ বিষয়ে আরেকটু রেসপন্সিবল থাকতে। অন্য কোনো ব্যাপারে বলেন, নো প্রবলেম।’
কোনো তথ্য জানার থাকলে সরাসরি কথা বলার অনুরোধ করে তাবিথ আউয়াল বলেছেন, ‘আমি একটা জিনিস আমি বলতে চাই অনেক মিডিয়া হাউজ বলার চেষ্টা করেছে যে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন থেকে আমরা যে তারিখগুলি দিয়েছিলাম সিদ্ধান্ত নেওয়ার জন্য, আমরা সেই তারিখ বার বার ফেইল করেছিলাম এবং ফেইল করে বরঞ্চ আমরা উধাও হয়ে গিয়েছিলাম। কথাটা একচুয়ালি সত্য নয়। আমি রিকোয়েস্ট করি এরকম তথ্য যদি কারো জানার থাকে, সরাসরি বলেন। কারণ তথ্য যদি সরাসরি বলেন তাহলে আমাদেরও একটা প্রফেশনাল জায়গায় থেকে রিজয়েন্ডার দিতে পারি। সরাসরি কথা বললে আমরা আমাদের দিকটার ব্যখ্যা দিতে পারবো।’
কোচ নিয়োগ প্রসঙ্গে বাফুফে সভাপতি বলেছেন, ‘বাংলাদেশ ফুটবল ফেডারেশন প্রথমবার এরকম একটা প্রক্রিয়াতে হেড কোচ নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের নিয়োগের ভেতরে আমরা যেভাবে প্ল্যানিং করেছিলাম ১৫ মের মধ্যে কোচ আমরা অ্যাপয়েন্টমেন্ট দিতে যাচ্ছি। অপ্রত্যাশিতভাবে ওই সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য বাফুফের বাজেটটা ছিল না। আমরা ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সাথে বৈঠক করে তাকে সহায়তা দেওয়ার অনুরোধ করি। ক্রীড়া প্রতিমন্ত্রী তাৎক্ষণিকভাবে ইতিবাচক সিদ্ধান্ত নিয়েছিলেন। যখন বাজেট ঠিক করি তখন মাঝখানে থাকা এজেন্ট ফি দাবি করে বসেন। অতীতেও আমি বাফুফের কোচ নিয়োগের সাথে জড়িত ছিলাম। আমাদের তো কোচের ফি দেওয়ার কথা না। আমরা প্রশ্নবোধক এই সিদ্ধান্ত নেবোও না। আমাদের এগ্রিমেন্ট চূড়ান্ত জায়গায় চলে গিয়েছিল, সেই এজেন্ট আমাদেরকে জানিয়েছে তারা এগ্রিমেন্ট চূড়ান্ত করতে চাচ্ছে না। তো সেই জায়গায় আমাদের ওই যাত্রাটা শেষ হয়ে গিয়েছিল।’
তাবিথ আউয়াল যা বললেন, তার অর্থ ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যানকেও পাওয়া হচ্ছে না বাফুফের।
আরআই/এমএমআর
Editor: TECHNO NEWS
Email :info@technoviable.com
Mobile : +8801914219906
৬২২, ফ্ল্যাট নং ১৩/বি, এভারগ্রীন মিজান স্কয়ার, বেগম রোকেয়া সরণি, ঢাকা-১২১৬, বাংলাদেশ।
Copyright TechnoNews 2025 | Developed By Technoviable