আবারও সেঞ্চুরি মিস করলেন ভারতের ওপেনার সঞ্জু স্যামসন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ৯৭ রানের ইনিংস খেলে দলকে তুলেছিলেন সেমিফাইনালে। শেষ চারের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে ঝোড়ো ব্যাটিংয়ে আবারও জাগান সেঞ্চুরির সম্ভাবনা। কিন্তু থামেন ৮৯ রানে। তার ঝড়ের পর বাকি ব্যাটারদের প্রচেষ্টায় ভারত দাঁড় করিয়েছে ৭ উইকেটে ২৫৩ রানের বিশাল সংগ্রহ। ইংল্যান্ডের সামনে ২৫৪ রানের বড় লক্ষ্য।
বৃহস্পতিবার (৫ মার্চ) মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি ব্রুক। ইংলিশ অধিনায়কের দেওয়া সুযোগ লুফে নেন সঞ্জু স্যামসন।
যদিও উদ্বোধনী জুটি হতাশ করে। আসরে আরও একবার ফ্লপ অভিষেক শর্মা। দলীয় ২০ রানে উইল জ্যাকসের বলে ক্যাচ দিয়ে ফেরেন ৯ রান করে। তিনি ফিরলেও অন্য ওপেনার স্যামসন উইন্ডিজ ম্যাচের ফর্মকে টেনে আনেন সেমিফাইনালের মাঠে। পাওয়ার প্লেতে স্বাগতিকদের বোর্ডে যোগ হয় ৬৭ রান। তিনে নামা ইশান কিষানকে নিয়ে গড়েন ৯৭ রানের জুটি। বেধড়ক পিটিয়ে এই জুটিতেই অর্ধশতকের দেখা পান স্যামসন। ৭ চার ও ৩ ছক্কায় ২৬ বলেই পঞ্চাশ করেন তিনি।
দলীয় ১১৭ রানে তাকে সঙ্গে দেওয়া ইশান ৪ চার ও দুই ছক্কায় ১৮ বলে ৩৯ করে আদিল রশিদের শিকার হলে ভাঙে জুটি। ইশানের বিদায়ে মোটেও পিছু হটেননি সঞ্জু। চালিয়ে যান ব্যাট ইংলিশ বোলারদের বিপক্ষে। ৪ চার ও ৭ ছক্কায় ৪১ বলে ৮৯ রান করে এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। কিন্তু বাধ সাধেন উইল জ্যাকস। ওই রানের পর তিনি আর এগোতে দেননি সঞ্জুকে। দলীয় ১৬০ রানে তার বিদায়ে তৃতীয় উইকেট হারায় ভারত। টানা দ্বিতীয় ম্যাচে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে হলো না তার।
স্যামসন বিদায় নিলেও তার দেখানো পথেই হাঁটেন শিভম দুবে। তাকে সঙ্গে দিতে অবশ্য ব্যর্থ হন অধিনায়ক সূর্যকুমার যাদব। একটি ছক্কায় ১১ রান করে সুইপ করতে গিয়ে স্টাম্পিং হন আদিল রশিদের বলে। ১৯০ রানে ৪ উইকেট পতন হয় ভারতের।
দুবে চড়াও হয়ে হাঁকান ৪ ছক্কা ও ১ চার। রানআউট না অর্ধশতক পেরিয়ে আরও বড় স্কোর হতে পারতো তার। ২৫ বলে ৪৩ রান করে থামতে হয় তাকে। ১৬.৫ ওভারে দুইশ রানের সংগ্রহ পার করে ফেলা স্বাগতিকরা ২১২ রানে হারায় ৫ উইকেট। ৯ বলে ২১ রান করে তিলক ভার্মা আউট হলে ২৩৬ রানে ৬ উইকেট হারায় সূর্যের দল।
ইনিংসের শেষ ওভার করতে আসা উইল জ্যাকসকে হার্দিক পান্ডিয়া দুটি ছক্কা মারেন। পঞ্চমব লে রানআউট হন তিনি। এর আগে ৩টি চার ও দুই ছক্কায় খেলেন ১২ বলে ২৭ রানের ক্যামিও ইনিংস। শেষ পর্যন্ত ভারতের সংগ্রহ দাঁড়ায় ৭ উইকেটে ২৫৩।
ইংল্যান্ডের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন উইল জ্যাকস ও আদিল রশিদ। একটি উইকেট জোফরা আর্চারের ঝুলিতে।
আইএন
Editor: TECHNO NEWS
Email :info@technoviable.com
Mobile : +8801914219906
৬২২, ফ্ল্যাট নং ১৩/বি, এভারগ্রীন মিজান স্কয়ার, বেগম রোকেয়া সরণি, ঢাকা-১২১৬, বাংলাদেশ।
Copyright TechnoNews 2025 | Developed By Technoviable